সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমিনুল হক ভূইয়ার পদত্যাগের দাবিতে ‘কঠোর’ কর্মসূচি স্থগিত করেছেন আন্দোলনরত শিক্ষকেরা। তবে উপাচার্যের বিরুদ্ধে ‘অসহযোগ’ আন্দোলন অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন তাঁরা। গতকাল বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আন্দোলনকারী শিক্ষকেরা এ তথ্য জানিয়েছেন।
যোগাযোগ করলে ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’-এর আহ্বায়ক অধ্যাপক সামসুল আলম প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা যাতে নির্বিঘ্ন হয়—এ জন্য তাঁরা আন্দোলনের কঠোর কর্মসূচি স্থগিত করেছেন। উপাচার্যের পদত্যাগের দাবিতে অসহযোগ কর্মসূচি অব্যাহত রেখে ভর্তি পরীক্ষার কোনো কার্যক্রমে তাঁরা অংশ নেবেন না। আগামী ১৪ নভেম্বর ভর্তি পরীক্ষা শেষে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ এনে উপাচার্য মো. আমিনুল হক ভূইয়ার পদত্যাগের দাবিতে গত ১২ এপ্রিল থেকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ-এর ব্যানারে আন্দোলন শুরু করে সরকারি দল-সমর্থক শিক্ষকদের একাংশ। এ আন্দোলনকে বিশ্ববিদ্যালয় অস্থিতিশীল করার পাঁয়তারা আখ্যা দিয়ে সরকার-সমর্থক শিক্ষকদের অপর একটি অংশ ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’-এর ব্যানারে উপাচার্যের পক্ষে অবস্থান নেয়।
উপাচার্যের পক্ষে-বিপক্ষে সরকারি দল-সমর্থক শিক্ষকদের দুই পক্ষের পাল্টাপাল্টি তৎপরতার মধ্যে গত বুধবার বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের মোর্চা ‘মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশি জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে শ্রদ্ধাশীল শিক্ষক ফোরাম’ সংবাদ সম্মেলন করে চলমান উপাচার্যবিরোধী আন্দোলনকে ‘কতিপয় শিক্ষককের স্বার্থের আন্দোলন’ উল্লেখ করে বিচার বিভাগীয় তদন্ত দাবি করে।
ঈদের ছুটি শেষে বিশ্ববিদ্যালয় খুললে উপাচার্যবিরোধী আন্দোলনকারী শিক্ষকদের আর কোনো কর্মসূচি দিয়ে তৎপর দেখা যায়নি। এ অবস্থায় গতকাল তাঁরা তাঁদের অবস্থান সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এভাবেই সংবাদমাধ্যমকে অবহিত করেন।