কঠোর কর্মসূচির হুমকি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের
অষ্টম জাতীয় পে-স্কেলের গেজেটে ‘বৈষম্যের’ প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। কর্মসূচি শেষে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১১ জানুয়ারি আজকের মতো একইভাবে এই অবস্থান কর্মসূচি চলবে। এরপর ১২ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি প্রতিদিন ১০টা থেকে ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবেন তাঁরা। এর মধ্যে দাবি আদায় না হলে গণছুটিতে যাওয়া, কর্মবিরতিতে যাওয়া, ক্যাশ কার্যক্রম বন্ধ রাখা, পেমেন্ট সিস্টেমস বন্ধ রাখা, ক্লিয়ারিং কার্যক্রম বন্ধ রাখা, আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট আইটি ব্যবস্থা বন্ধ রাখা, সিআইবি তথ্য দেওয়া বন্ধ রাখা, ব্যাংক পরিদর্শন কার্যক্রম বন্ধ রাখাসহ অন্যান্য কর্মসূচি গ্রহণ করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকাশিত বেতন কাঠামোয় বাংলাদেশ ব্যাংককে সরকারি অন্যান্য ব্যাংকের সঙ্গে একই কাতারে সংজ্ঞায়ন করা হয়েছে যা ব্যাংক ও আর্থিক খাতের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের মর্যাদা বা বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ এর চেতনার সঙ্গে কোনোভাবেই সংগতিপূর্ণ নয়। এ ছাড়া বর্তমানে বাংলাদেশ ব্যাংকে প্রথম শ্রেণির কর্মকর্তার সংখ্যা চার হাজার হলেও কর্মকর্তাদের পদবিন্যাসে গ্রেড-১ কর্মকর্তার কোনো পদ নেই যা একটি দৃশ্যমান বৈষম্য।
বর্তমান পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা তিন দফা দাবি জানিয়েছেন। এগুলো হলো: অষ্টম জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর গেজেটে বাংলাদেশ ব্যাংককে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ ও কেন্দ্রীয় ব্যাংক এর মর্যাদায় পৃথকভাবে উল্লেখ করা। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের সর্বোচ্চ পদ ‘নির্বাহী পরিচালক’ পদকে জাতীয় বেতন স্কেলে ১ম গ্রেডে উন্নীতকরণ এবং অন্যান্য পদের বেতন গ্রেড ক্যাডার সার্ভিসের পদবিন্যাস অনুযায়ী নির্ধারণ করা। কেন্দ্রীয় ব্যাংকে যোগদানকারী সহকারী পরিচালক হিসেবে প্রবেশ পদ জাতীয় বেতন স্কেলে ৯ম গ্রেডের পরিবর্তে ক্যাডার সার্ভিস ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মতো অষ্টম গ্রেডে নির্ধারণ।