কঠোর কর্মসূচির হুমকি সর্বদলীয় ইসলামী ঐক্য পরিষদের
সরকারের বিরুদ্ধে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দিয়েছে সর্বদলীয় ইসলামী ঐক্য পরিষদ।মুক্তাঙ্গনে নির্ধারিত মহাসমাবেশে ১৪৪ ধারা জারির প্রতিবাদে গতকাল বুধবার রাজধানীর নয়াপল্টনের একটি হোটেলে সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ হুমকি দেন।নেতারা বলেন, সরকার ইসলামী ঐক্য পরিষদের মহাসমাবেশকে ভয় পেয়েছে। কিন্তু মহাসমাবেশ সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার। সে অধিকার থেকে ইসলামী ঐক্য পরিষদকে বঞ্চিত করা হয়েছে। এর পরিণাম শুভ হবে না। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাওলানা জাফরুল্লাহ খান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমাবেশ প্রস্তুতি কমিটির আহ্বায়ক মাওলানা নুর হোসাইন কাশেমী, সদস্য-সচিব মাওলানা আবদুল জব্বার, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আবদুর রব ইউসুফী। এদিকে সর্বদলীয় ইসলামী ঐক্য পরিষদের মহাসমাবেশে ১৪৪ ধারা জারি করার নিন্দা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। তিনি বলেন, আজকের মহাসমাবেশকে কেন্দ্র করে সদরঘাট লঞ্চ টার্মিনালসহ বিভিন্ন জায়গায় দাড়ি-টুপিওয়ালাদের সরকার যেভাবে হয়রানি করেছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সভা-সমাবেশ করা বাংলাদেশের নাগরিকের গণতান্ত্রিক অধিকার। এ অধিকার খর্ব করে সরকার খারাপ দৃষ্টান্ত স্থাপন করল। গতকাল দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ এক বিজ্ঞপ্তিতে বুধবার মুক্তাঙ্গনে সভা-সমাবেশ নিষিদ্ধ করে। সর্বদলীয় ইসলামী ঐক্য পরিষদ ছাড়া আরও দুটি পরস্পরবিরোধী সংগঠন মুক্তাঙ্গনে সভা ডাকায় নিরাপত্তার জন্য এ সিদ্ধান্ত নেয় পুলিশ।এদিকে সর্বদলীয় ইসলামী ঐক্য পরিষদসহ আরও দুটি পরস্পরবিরোধী সংগঠনের আহূত সমাবেশে অংশগ্রহণ করতে রাজধানীর বাইরে থেকে আসা কয়েক হাজার নেতা-কর্মীবোঝাই চারটি লঞ্চকে সদরঘাট টার্মিনালে ভিড়তে দেয়নি পুলিশ। গতকাল বুধবার সকাল ১০টার পর থেকেই লঞ্চগুলো বিভিন্ন স্থান থেকে এসে সদরঘাটে ভেড়ার চেষ্টা করেছিল।