বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা হরতালের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। গতকাল শনিবার বিকেল থেকে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে তল্লাশিচৌকি বসিয়ে যানবাহনে তল্লাশি চালায় পুলিশ। আজ (রোববার) ভোর থেকে নগরে অতিরিক্ত এক হাজার ৭০০ পুলিশ মোতায়েন থাকবে। পুলিশ সূত্র জানায়, নগরের প্রায় ১০০ পয়েন্টে পুলিশ মোতায়েন থাকবে। নগরের যেকোনো স্থান থেকে ঝটিকা মিছিল, পিকেটিং বা আতঙ্ক সৃষ্টিকারী কোনো কর্মকাণ্ড করা হলে তা নিয়ন্ত্রণ করবেন পুলিশ সদস্যরা। তবে শান্তিপূর্ণ মিছিল-সমাবেশে পুলিশ কোনো বাধা দেবে না। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. তারেক আহম্মেদ প্রথম আলোকে বলেন, ‘কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনো ধরনের অবনতি না হয়, সেই লক্ষ্যেই দায়িত্ব পালন করা হবে।’ নাম প্রকাশ না করার শর্তে নগর পুলিশের একাধিক কর্মকর্তা বলেন, জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা যাতে কোনো ধরনের ঝটিকা মিছিল বা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে ব্যাপারে পুলিশের বিশেষ সতর্কতা থাকবে।