কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রস্তুত শোলাকিয়া

প্রতিবছরের মতো এবারও দেশে ঈদুল ফিতরের বৃহত্তম জামাত হবে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। এবার ১৮৬তম জামাতে ইমামতি করবেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, শোলাকিয়া ঈদগাহর খতিব মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ।
ঈদের জামাতকে কেন্দ্র করে এবার শোলাকিয়া ময়দানে চার স্তরের কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এবারই প্রথম শোলাকিয়া ঈদগাহ ময়দানের চারদিকে নিরাপত্তাব্যবস্থা নিশ্ছিদ্র করতে সিসি ক্যামেরার ব্যবস্থা নেওয়া হয়েছে। সারা মাঠে ১২টি উঁচু অস্থায়ী টাওয়ার নির্মিত হয়েছে। এসব টাওয়ারে পুলিশ সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। শোলাকিয়া জামাতকে কেন্দ্র করে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও ঈদগাহ মাঠ পরিচালনা কমিটি ইতিমধ্যে যাবতীয় কাজ শেষ করেছে। মুসল্লিদের থাকা-খাওয়ার সুযোগ-সুবিধাসহ নির্বিঘ্নে নামাজ আদায়ে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান জানান, এবারের জামাতে ৫০০ পুলিশ সদস্যের পাশাপাশি র্যাব ও গোয়েন্দা পুলিশের উপস্থিতিতে শোলাকিয়া নিরাপত্তা চাদরে ঢাকা থাকবে। রাত থেকে বিপুলসংখ্যক পুলিশ ও র্যাব মাঠে থেকে নিরাপত্তা নিশ্চিত করতে বিস্ফোরক দ্রব্য শনাক্তকরণ যন্ত্র (মেটাল ডিটেক্টর) দিয়ে তল্লাশি করবে। ঈদের দিন সকাল থেকে মাঠের ২৮টি প্রবেশদ্বারে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করে মুসল্লিদের প্রবেশ করানো হবে। সাদা পোশাকে পুলিশ সদস্যরা গোয়েন্দা নজরদারিতে থাকবে। এ ছাড়া প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের মাধ্যমে মাঠের চারদিকে বিশেষ তল্লাশির মাধ্যমে নিরাপত্তা জোরদারের ব্যবস্থা নেওয়া হয়েছে।
শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সভাপতি জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান জানান, ঈদুল ফিতরের জামাতের জন্য শোলাকিয়া প্রস্তুত। সুষ্ঠুভাবে নামাজ আদায়ে যাবতীয় ব্যবস্থা সম্পন্ন হয়েছে। পৌরসভা, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ, বিদ্যুত্ বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ, জেলা চেম্বার অব কমার্সসহ সংশ্লিষ্ট বিভাগগুলো মাঠে অজু, গোসল, সহজে মাঠে প্রবেশের জন্য নরসুন্দা নদীর ওপর অস্থায়ী সেতু নির্মাণ, বিদ্যুত্ব্যবস্থা অব্যাহত রাখাসহ মুসল্লিদের থাকা-খাওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে।
শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক উপজেলা নির্বাহী কর্মকর্তা (সদর) সুব্রত পাল জানান, বিপুল উত্সাহ-উদ্দীপনা নিয়ে এবার বিপুলসংখ্যক মুসল্লি নামাজ আদায় করতে শোলাকিয়া ঈদগাহ ময়দানে আসবেন। মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা কাতার রাখা হবে। নামাজের জন্য শোলাকিয়া মাঠ প্রস্তুত। সকাল ১০টায় জামাত শুরু হবে।
১৮২৮ সালে শোলাকিয়া ঈদগাহ ময়দানে প্রথম জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাতে সোয়া লাখ মুসল্লির সমাগম ঘটেছিল। সোয়া লাখ থেকেই বিবর্তনের ধারায় এ মাঠের নাম শোলাকিয়া হয়েছে। দিন দিন এর প্রচারণা বৃদ্ধি পাওয়ায় প্রতিবছরই মুসল্লিদের সমাগম বাড়ছে।