কঠোর নিরাপত্তায় এলাকায় যাচ্ছে ব্যালট পেপার
পুলিশ, র্যাব ও বিজিবির পাহারায় রিটার্নিং কর্মকর্তাদের কাছে দশম জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার পাঠানো শুরু হয়েছে। আজ শুক্রবার সকালে নির্বাচন কমিশন যৌথ বাহিনীর কঠোর নিরাপত্তায় ব্যালট পেপার পাঠানো শুরু করেছে। খবর ইউএনবির।
শনিবার সকালের মধ্যে ৫৯ জেলায় ব্যালট পেপার পৌঁছে যাবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন সূত্র।
সচরাচর পুলিশ পাহারায় নির্বাচনী সামগ্রী রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হয়। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা এবং সহিংসতার কারণে নির্বাচন কমিশনের পক্ষ থেকে পুলিশ, র্যাব এবং বিজিবির প্রধানদের কাছে অতিরিক্ত নিরাপত্তা চাওয়া হয়।
নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, ১৪৬টি নির্বাচনী এলাকার চার কোটি ৩৬ লাখ ৮৬ হাজার ভোটারের জন্য চার কোটি ৩৮ লাখ ব্যালট পেপার ছাপানো হয়েছে। প্রতিটি নির্বাচনী এলাকায় এক হাজার অতিরিক্ত ব্যালট পেপার সরবরাহ করা হয়েছে।
১৫৪ আসনে একক প্রার্থী থাকার কারণে দেশের নয় কোটি ১৯ লাখ ৬৫ হাজার ৯৯৭ জন ভোটারের মধ্যে প্রায় চার কোটি ৮৩ লাখ ভোটার ভোট দিতে পারবেন না। দেশের পাঁচ জেলা শরীয়তপুর, মাদারীপুর, চাঁদপুর, জয়পুরহাট এবং রাজবাড়িতে ৫ জানুয়ারি ভোট হচ্ছে না একক প্রার্থীর কারণে।
নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটের আগে ও পরে প্রত্যন্ত অঞ্চলে নির্বাচনী সামগ্রী পাঠানো এবং নিয়ে আসতে হেলিকপ্টার ব্যবহার করা হবে। ইতিমধ্যে সশস্ত্র বাহিনী বিভাগে হেলিকপ্টার চেয়ে চিঠি পাঠিয়েছে কমিশন।
দশম জাতীয় সংসদ নির্বাচনের নির্ধারিত তারিখ ৫ জানুয়ারি। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছে বিএনপির নেতৃত্বে ১৮ দল। নির্বাচন প্রতিহত করার ঘোষণাও দিয়েছে তারা।