স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের কঠোর ব্যবস্থার পরও দেশজ কিছু গোষ্ঠী উগ্রপন্থী হয়ে উঠেছে। তবে যেকোনো ধরনের সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘জিরো-টলারেন্স’ নীতি গ্রহণ করেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল বুধবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে সন্ত্রাসবাদবিরোধী এক আঞ্চলিক সম্মেলনে বক্তৃতায় এই অবস্থান তুলে ধরেন।
নয়াদিল্লিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইন্ডিয়া ফাউন্ডেশন স্থানীয় একটি হোটেলে সন্ত্রাসবিরোধী তৃতীয় এই সম্মেলনের আয়োজন করেছে। তিন দিনের এই সম্মেলনের উদ্বোধন করেন ভারতের উপরাষ্ট্রপতি হামিদ আনসারী।
গতকাল নয়াদিল্লি থেকে বাংলাদেশ হাইকমিশনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্মেলনে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মন্ত্রী ও কর্মকর্তারাও বক্তৃতা করেন।
বাংলাদেশে সন্ত্রাসবাদের সাম্প্রতিক কিছু ঘটনার প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অব্যাহত চেষ্টা এবং সাধারণ জনগণের সক্রিয় সহযোগিতাকে ধন্যবাদ জানাতে হয়।