কঠোর শাস্তি চায় পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার মেয়েকে যেভাবে হত্যা করা হয়েছে, সেভাবে তাকেও (হত্যাকারী) যেন শাস্তি দেওয়া হয়। সরকারের কাছে এটাই আমার দাবি।’রাজধানীর হাতিরপুলে নৃশংস হত্যার শিকার কিশোরী রুমির মা শিরীনা বেগম ক্ষোভের সঙ্গে এই দাবি করলেন।গতকাল সকালে পরিবারের কয়েকজন সদস্যসহ মিন্টো রোডের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে যান শিরীনা বেগম। সেখানে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, মাস খানেক আগে রুমি ঢাকায় আসে। চাকরি নেয় মিরপুরের একটি পোশাক কারখানায়। সেখানে আগে থেকেই রুমির দুই বোন কাজ করত। তিন বোন থাকত মিরপুর ১১ নম্বরের এক বস্তিতে। গত শুক্রবার সন্ধ্যার দিকে ফোন পেয়ে রুমি বের হয়। রাতে আর ফেরেনি। মা শিরীনা বেগম জানান, বেশ কয়েক বছর আগে তাঁর স্বামী মারা যান। তিনি গ্রামের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গায় মানুষের বাসাবাড়িতে কাজ করতেন। তবে মূলত মেয়েদের উপার্জনে তাঁর সংসার চলত। তিনি বলেন, ‘কোনো ছেলের সঙ্গে রুমির সম্পর্কের কথা আমরা জানতাম না। সাইদুজ্জামানকেও চিনি না।’গত শনিবার হাতিপুলের পরীবাগে গলি, বাড়ির ছাদ ও নাহার প্লাজা থেকে রুমির ২৬ টুকরা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সাইদুজ্জামানসহ কয়েকজনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে সাইদুজ্জামান হত্যার কথা স্বীকার করেন। এ ঘটনায় শাহবাগ থানায় মামলার পর গত রোববার তাঁকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়। মামলাটি গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছে।ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও সমাজসেবা শাখার অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) মাসুদুর রহমান বলেন, টুকরা টুকরা হওয়ায় এবং আর্থিক অসংগতির কারণে লাশ নিতে রাজি নয় রুমির পরিবার। লাশ আঞ্জুমান মুফিদুল ইসলামে দেওয়া হবে।সাইদুজ্জামানের গ্রামের লোকজন জানান, স্থানীয় একটি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত লেখাপড়া করে ১৯৮৭ সালের দিকে বড় ভাই আনসার আলীর সঙ্গে ঢাকায় আসেন সাইদুজ্জামান। তেজগাঁওয়ে একটি স্কুল থেকে এএসসি পাস করার পর ভর্তি হন তেজগাঁও কলেজে। সেখান থেকে উচ্চমাধ্যমিক শেষ করার পর তিনি আর লেখাপড়া করেননি। যোগাযোগ করা হলে আনসার আলী বলেন, তাঁদের এক ভাই ব্যাংককে থাকেন। সেখানে তাঁর ট্রাভেল এজেন্সি আছে। ওই এজেন্সিরই প্রতিনিধি নাহার প্লাজার সোনালি ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, যা পরিচালনা করত সাইদুজ্জামান। ঘটনা সম্পর্কে জানতে চাইলে আনসার আলী বলেন, ‘হঠাৎ করে কেন এ রকম হলো, বুঝতে পারছি না। সবকিছু রহস্যময় লাগছে।’ এডিসি মাসুদুর রহমান জানান, রিমান্ডে সাইদুজ্জামানের কাছ থেকে নতুন কোনো তথ্য পাওয়া যায়নি।