কঠোর হয়েও মাদক নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মাদক ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে বলে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আইন প্রয়োগ করে কঠোর হয়েও মাদক নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে। তিনি বলেন, ‘জনগণকে সচেতন করতে না পারলে মনে হয় হেরে যাব। তবে আমরা হারতে চাই না। আমরা মাদক সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে চাই।’
গতকাল মঙ্গলবার রাজধানীর একটি পাঁচতারা হোটেলে মাদক- বিরোধী চলচ্চিত্র স্বর্গ থেকে নরক-এর মুক্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
মাদকদ্রব্য ও নেশানিরোধ সংস্থা (মানস) ছায়াছবিটি প্রযোজনা করেছে। ২৫ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পাবে। এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মানসের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক অরূপ রতন চৌধুরী। সংবাদ সম্মেলনে চলচ্চিত্রটির চার মিনিটের একটি ট্রেলার দেখানো হয়।
সংবাদ সম্মেলন শেষ করে বের হওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রীকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকেরা। পাকিস্তান হাইকমিশনের এক কূটনৈতিকের সঙ্গে জঙ্গিদের যোগসাজশ আছে বলে একাধিক গণমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ বিষয়ে এখনো তাঁরা নিশ্চিত নন। নিশ্চিত হলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যা যা করার তাই করা হবে। তবে পাকিস্তান নানা উপায়ে ষড়যন্ত্র করছে বলে তিনি মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে চলচ্চিত্রটির পরিচালক অরূপ রতন চৌধুরী বলেন, এখন আলো ঝলমল নগরের প্রাণকেন্দ্র থেকে শুরু করে অন্ধকার গ্রামেও মাদকের বিচরণ রয়েছে। দেশে বর্তমানে প্রায় ৭০ লাখ মানুষ মাদকাসক্ত। এর মধ্যে ৮০ শতাংশই যুবক। তাদের মধ্যে আবার ৪৩ শতাংশই বেকার। মাদকাসক্তদের ৫০ শতাংশ অপরাধের সঙ্গে জড়িত।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন তথ্যসচিব মরতুজা আহমেদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার রকিবুর রহমান, চিত্রপরিচালক আজিজুর রহমান, অভিনেত্রী নিপুণ প্রমুখ। উপস্থিত ছিলেন অভিনেতা আহমেদ শরীফ ও ফেরদৌস।