কুণ্ডেশ্বরী ঔষধালয়ের প্রতিষ্ঠাতা নূতন চন্দ্র সিংহের রাউজানের গহিরা এলাকার বাড়িতে গতকাল বুধবার সকাল থেকে অপরিচিত কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। বাড়ির সামনে পাহারায় ছিল পুলিশ। বাড়ির নিজস্ব নিরাপত্তাকর্মীদের সাংবাদিক পরিচয় দিয়েও ভেতরে ঢোকা যায়নি। সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়া নূতন চন্দ্র সিংহের ছেলে প্রফুল্ল রঞ্জন সিংহের মুঠোফোনটি দুপুর পর্যন্ত বন্ধ ছিল।
গত মঙ্গলবার থেকেই নূতন চন্দ্র সিংহের বাড়ি ছাড়াও মধ্য গহিরা, জগৎমল্লপাড়া ও উনসত্তরপাড়া এলাকায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়। এই মামলায় ট্রাইব্যুনালে যাঁরা সাক্ষ্য দিয়েছেন, তাঁদের বাড়ির নিরাপত্তায়ও পুলিশ মোতায়েন করা হয়। তবে রায় ঘোষণার পর এসব গ্রামের লোকজন গণমাধ্যমের সঙ্গে কথা বলতে চাননি।
রাউজান সদরের বাসিন্দা আলমগীর হোসেনের কাছে রায়ের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি মন্তব্য করেন, ‘আপনি যা শুনেছেন আমিও তা শুনেছি।’
নূতন চন্দ্র সিংহের বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে সাকা চৌধুরীর বাড়ি। সেখানে গিয়ে বাড়ির মূল ফটক তালাবদ্ধ দেখা যায়। আশপাশে কোনো লোকজন দেখা যায়নি। অনেক খোঁজাখুঁজি করেও বাড়ির দারোয়ান বা তত্ত্বাবধায়ক কারও দেখা মেলেনি। সাকা চৌধুরীদের পরিবারের জমি চাষ করেন এমন একজন জানান, রায় ঘোষণার আগেই বাড়ির তত্ত্বাবধায়ক চট্টগ্রাম শহরে গেছেন। সাকার রায় শুনেছেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘সকালে শুনেছি। আমি খেতখামারে কাজ করি। এসব নিয়ে আমার কথা বলা উচিত নয়।’
ট্রাইব্যুনালের রায় আপিল বিভাগ বহাল রাখায় রাউজানে আনন্দ মিছিল করেছেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। রাউজান উপজেলা সদর, গহিরা চৌমুহনী ও নোয়াপাড়া পথেরহাট এলাকায় তিনটি মিছিল হয়। কয়েক শ নেতা-কর্মী মিছিলে অংশ নেন।
সকাল ১০টায় রাউজান উপজেলা সদরের সূর্যসেন চত্বর থেকে আনন্দ মিছিল বের করে আওয়ামী লীগ। মিছিলের নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম চৌধুরী। এতে উত্তর জেলা আওয়ামী লীগের নেতা কাজী আবদুল ওহাবসহ স্থানীয় নেতা-কর্মীর অংশ নেন। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শফিকুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘এই রায়ে আমি খুব খুশি।’
সাকা চৌধুরীর বাড়ির অদূরে গহিরা চৌমুহনী ও কাপ্তাই সড়কের নোয়াপাড়া পথেরহাট এলাকাতেও আনন্দ মিছিল করেছেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা রায়ে সন্তোষ প্রকাশ করে তা কার্যকরের দাবি জানান।
বিকেলে মুঠোফোনে রায়ে সন্তুষ্টির কথা জানিয়ে প্রফুল্ল রঞ্জন সিংহ প্রথম আলোকে বলেন, ‘একাত্তরের ১৩ এপ্রিল আমার বাবা নূতন চন্দ্র সিংহকে হত্যা করা হয়। দীর্ঘদিন এই কষ্ট বুকের ভেতরে চেপে রেখেছিলাম।’ তিনি বলেন, ‘সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী আমার বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানির মামলা করেছেন। ট্রাইব্যুনালে আমি নাকি মিথ্যা সাক্ষী দিয়েছি। বাবার খুনের ঘটনা আদালতে বর্ণনা করলে সেটা মিথ্যা সাক্ষী কেমনে হয়? কিন্তু সর্বোচ্চ আদালতে আমাদের অভিযোগ প্রমাণিত হয়েছে। রায়ে আমি সন্তুষ্ট। রায় কার্যকর দেখতে চাই।’
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ প্রথম আলোকে বলেন, ‘নূতন চন্দ্র সিংহের বাড়িতে পুলিশ সার্বক্ষণিকভাবে আছে। অন্য সাক্ষীর বাড়িতেও আমরা পুলিশি নিরাপত্তা দিচ্ছি। সবকিছু পুলিশের নিয়ন্ত্রণে আছে।’