কড়া নিরাপত্তায় হল খুলেছে, আজ শুরু ক্লাস-পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় তিন মাস বন্ধ থাকার পর ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো গতকাল শুক্রবার খুলে দেওয়া হয়েছে। পরিচয়পত্র দেখে এবং সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করেই গতকাল শিক্ষার্থীদের হলে প্রবেশ করতে দেওয়া হয়।
গত বুধবার বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় ১০ শর্তে গতকাল থেকে আবাসিক হল খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। এ ছাড়া আজ শনিবার থেকে ক্লাস-পরীক্ষা শুরুরও সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল খুলে দেওয়া হয়। এ সময় নিজ নিজ হলে উপস্থিত ছিলেন হল প্রাধ্যক্ষরা। সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, হলে প্রবেশের আগে শিক্ষার্থীদের পরিচয়পত্র দেখাতে বলা হয় এবং তাঁদের সঙ্গে থাকা ব্যাগগুলোতে তল্লাশি করা হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে প্রবেশের সময়ও শিক্ষার্থীদের পরিচয়পত্র দেখাতে হয়।
সিন্ডিকেট সভায় হল খোলার জন্য অন্যান্য শর্তের মধ্যে ছিল হলে বহিরাগত ও অতিথিদের প্রবেশ নিষিদ্ধ করা এবং হলগুলোতে প্রতিদিন কমপক্ষে দুবার সংশ্লিষ্ট প্রাধ্যক্ষের পরিদর্শন। প্রথম দিনে ছেলেদের হলগুলোতে উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে মেয়েদের হলগুলোতে উপস্থিতি ছিল খুবই কম।
উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকার বলেন, হলগুলো খুলে দেওয়া হয়েছে। আজ শনিবার থেকে ক্লাস-পরীক্ষাও শুরু হচ্ছে।
গত ৩০ নভেম্বর বাসচাপায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হওয়ার জের ধরে ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের ৩৫টি ভাড়া করা বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনার পর ১ ডিসেম্বর জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। এরপর ৭ জানুয়ারি হল খোলা হলেও ৯ জানুয়ারি আবার বন্ধ করে দেওয়া হয়।