মিয়ানমারের আরাকান রাজ্যে মেনিনজাইটিস ভাইরাসে আক্রান্ত হয়ে লোকজন মারা যাচ্ছে—এ খবরের ভিত্তিতে গত ১৩ আগস্ট থেকে প্রশাসন কক্সবাজারের টেকনাফ-উখিয়া ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে কঠোর নিরাপত্তা নিশ্চিত করে। এই তিন উপজেলার ১০০ কিলোমিটার সীমান্ত দিয়ে সে দেশের নাগরিক রোহিঙ্গারা যেন বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে, তার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সীমান্তে সতর্ক টহলে রাখা হয়েছে। কিন্তু তার পরও বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের ঘটনা ঘটছে।
স্থানীয় সূত্র জানায়, গত শনিবার রাত ১১টার দিকে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে মিয়ানমারের মংডু শহরের নাকপুরা গ্রামের রোহিঙ্গা সলিম উল্লাহসহ ১১ জন। গতকাল রোববার সকালে তাঁরা সেখান থেকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে মিশে যান। এই শিবিরে অবস্থান করছে আরও অন্তত ৮০ হাজার মিয়ানমারের অনুপ্রবেশকারী রোহিঙ্গা।
সলিম উল্লাহ (৫৫) স্থানীয় গণমাধ্যমকর্মীদের বলেন, সেখানকার (মিয়ানমার) সীমান্তরক্ষী লুণ্ঠিন বাহিনী বাংলাদেশে পালিয়ে আসার জন্য তাঁদের ওপর চাপ প্রয়োগ করছে। তা ছাড়া, সেখানে (আরাকান) আয়-রোজগার করার মতো কোনো শ্রমকাজে রোহিঙ্গাদের নিযুক্ত করা হচ্ছে না। তাই বাধ্য হয়ে বাংলাদেশে পালিয়ে আসা।
বিজিবি সূত্র জানায়, গতকাল বিকেল পর্যন্ত আগস্ট মাসে ওই তিন উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে নাইক্ষ্যংছড়ি, উখিয়া ও টেকনাফে অনুপ্রবেশের সময় বিজিবি সদস্যরা ৫৮৪ রোহিঙ্গাকে আটক করে মিয়ানমারে ফেরত পাঠিয়েছেন।
কিন্তু স্থানীয় একাধিক সূত্র দাবি করে, আগস্ট মাসে নাইক্ষ্যংছড়িসহ অন্তত ১২টি চোরাই পয়েন্ট দিয়ে দেড় হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করে উখিয়া, টেকনাফসহ বিভিন্ন স্থানের পাহাড়-জঙ্গলে অবস্থান নিয়েছে। সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে আগত রোহিঙ্গাদের ভাইরাস (শরীর) পরীক্ষার কোনো ব্যবস্থা নেই। ফলে স্থানীয় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।
কক্সবাজার ১৭ বার্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খোন্দকার সাইফুল আলম প্রথম আলোকে বলেন, মিয়ানমারে মেনিনজাইটিস ভাইরাস নিয়ে বিজিবি সতর্ক রয়েছে। চোরাই পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের সময় বিজিবি সদস্যদের হাতে রোহিঙ্গারা ধরাও পড়ছে। কিন্তু তার পরও নাইক্ষ্যংছড়ির কিছু অরক্ষিত স্থলসীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা ঘটছে। এ ক্ষেত্রে স্থানীয় লোকজন বিজিবিকে সহযোগিতা করছে না।
বিজিবির হাতে আটক মিয়ানমারের মংডু শহরের ফকিরা বাজারের রোহিঙ্গা আবুল হাসেম (৬২) ও আবদুল গফুর (১৪) বলেন, তাঁরা অভাব-অনটনের শিকার হয়েই বাংলাদেশে পালিয়ে আসছিলেন। আরাকানে মেনিনজাইটিস ভাইরাসে আক্রান্ত হয়ে লোকজন মারা যাচ্ছেন বলে তাঁরা শুনেছেন।