কড়াইল বস্তিতে ভোট চাইলেন তাবিথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে আড়াই ঘণ্টা ধরে প্রচার চালিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। তিনি বলেন, ‘প্রশাসন ও নির্বাচন কমিশন ঠিকমতো কাজ করলে আমি জয়ী হব।’ বস্তি থেকে বের হয়ে তিনি রাজধানীর বনানী ও গুলশান এলাকায় প্রচার চালান।
আজ শনিবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কড়াইল বস্তি এলাকায় ভোটের প্রচার অভিযান চালান তাবিথ। এ সময় তাঁর সঙ্গে ছিলেন, ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ফারুক হোসেন ভূঁইয়াসহ যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়াল নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনারা যে লড়াইয়ে মাঠে নেমেছেন। আমি নির্বাচিত হলে সে লড়াইকে আরও এগিয়ে নিয়ে যাব।’ এ সময় তাঁকে প্রশ্ন করা হয়, আপনি তো ক্রীড়া সংগঠক হিসেবে পরিচিত। রাজনীতিতে নতুন। কেমন সাড়া পাচ্ছেন? উত্তরে তিনি বলেন, ‘আমি আশানুরূপ সাড়া পাচ্ছি। রাজনীতির মাঠেই বাকি জীবন কাটাতে চাই।’

অনেক পরে এসে অল্প সময়ের মধ্যে কতটুকু প্রচার চালাতে পারবেন জানতে চাইলে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল বলেন, আমি যে সময় পেয়েছি তার মধ্যে সব ভোটারের কাছে পৌঁছাতে পারব। আশা করি জয় লাভ করব।

গতকাল শুক্রবার নির্বাচনী প্রচারে নামেন তাবিথ আউয়াল। তফসিল অনুযায়ী গত ৭ এপ্রিল থেকে শুরু হয়েছে প্রার্থীদের প্রচারের সুযোগ। কিন্তু বাবা আব্দুল আউয়াল মিন্টুর জন্য এত দিন অপেক্ষায় ছিলেন তাবিথ। নির্বাচন কমিশন মিন্টুর মনোনয়ন বাতিল করার পর সর্বোচ্চ আদালতও একই সিদ্ধান্ত বহাল রাখেন। মিন্টুকে না পেয়ে গত বৃহস্পতিবার তাঁর ছেলে তাবিথকে সমর্থন দেওয়ার কথা জানায় বিএনপি। নির্বাচনে তিনি বাস প্রতীক বরাদ্দ পেয়েছেন।