কড্ডা-মজলিশপুরের একমাত্র সড়কটি পানির নিচে
গাজীপুর সদর উপজেলার কড্ডা-মজলিশপুরের একমাত্র রাস্তাটির বেশির ভাগ অংশই বর্ষার পানিতে তলিয়ে গেছে। এ কারণে ১৫ দিন ধরে বেশ কয়েকটি গ্রামের লোকজনকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকাবাসী জানান, গাজীপুর সদর উপজেলার কড্ডা থেকে মজলিশপুর পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ ওই কাঁচা রাস্তাটিতে এখনো কর্তৃপক্ষ ইটের সলিং করেনি। ফলে এ রাস্তায় কোনো যানবাহন চলে না। সদর উপজেলার লাঠিভাঙ্গা, মজলিশপুর, ইটাহাটা, বড়ইতলী, মীরের গাঁ, কাতলাখালীসহ বেশ কয়েটি গ্রামের মানুষ হেঁটে যাতায়াত করার জন্য রাস্তাটি ব্যবহার করে আসছে। তবে রাস্তাটি প্রয়োজনমতো উঁচু না হওয়ায় এবং পাশের তুরাগ নদে পানি বৃদ্ধি পাওয়ায় ১৫ দিন ধরে এর বেশির ভাগ অংশ পানিতে তলিয়ে গেছে। বর্তমানে গ্রামের মানুষ বাধ্য হয়ে নৌকায় চলাচল করছে।কড্ডা বাজারের ব্যবসায়ী মো. বাদল মিয়া জানান, ১৫ দিন ধরে রাস্তার বেশির ভাগ অংশ পানিতে তলিয়ে যাওয়ায় লোকজনকে প্রতিদিন নৌকায় করে প্রায় দুই কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হচ্ছে।গাজীপুর কমার্স কলেজের ছাত্রী সুমা আক্তার জানান, ‘আমি প্রতিদিন লাঠিভাঙ্গা গ্রাম থেকে কলেজে যাতায়াত করি। আমার সঙ্গে আরও অনেকেই ওই গ্রাম থেকে স্কুল-কলেজে যাতায়াত করে। কিন্তু, রাস্তায় পানি থাকায় আমাদের মারাত্মক ভোগান্তির শিকার হতে হচ্ছে।’ মজলিশপুর গ্রামের ওষুধ ব্যবসায়ী গোপল দাস জানান, এলাকাবাসী কয়েকবার স্থানীয় জনপ্রতিনিধির কাছে রাস্তাটি উঁচু এবং ইটের সলিং করার জন্য আবেদন জানিয়েছেন। তাতে কোনো লাভ হয়নি। অথচ বর্ষার আগে রাস্তাটি উঁচু করা হলে আজ এ অবস্থা হতো না।গাজীপুর সদর উপজেলার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুল বারেক জানান, রাস্তার জন্য মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে এটা সত্য। তবে রাস্তাটি উঁচু করার কাজ প্রক্রিয়াধীন।