কণ্ঠ মিলিয়েছেন বিভিন্ন জেলার কয়েক লাখ লোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় প্যারেড গ্রাউন্ডের সঙ্গে সময় ধরে গতকাল বুধবার ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ গেয়েছেন দেশের বিভিন্ন জেলার কয়েক লাখ মানুষ। ঢাকার বাইরে আমাদের আঞ্চলিক কার্যালয়, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রাজশাহী: নগরের ভুবনমোহন পার্ক, কোর্ট শহীদ মিনার চত্বর, রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জাতীয় সংগীত গেয়ে মহান স্বাধীনতা দিবস উদ্যাপন করা হয়েছে। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) শুদ্ধভাবে জাতীয় সংগীত গাওয়ার জন্য সবার হাতে জাতীয় সংগীতের মুদ্রিত কপি সরবরাহ করে। ভুবনমোহন পার্কে রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা উপস্থিত ছিলেন।
বগুড়া: জেলা শহরের শহীদ চান্দু স্টেডিয়ামে স্বাধীনতার চেতনা বাস্তবায়ন পরিষদের উদ্যোগে কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী-পেশার কয়েক হাজার মানুষ ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ গেয়েছেন। কর্মসূচিতে জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং শিক্ষার্থীরা অংশ নেন। এর আগে রাত ১২টা এক মিনিটে বগুড়া জিলা স্কুল মাঠে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতা দিবসের কর্মসূচি শুরু হয়।
দিনাজপুর: জেলা শহরের বড় ময়দানে অনুষ্ঠিত স্বাধীনতা দিবসের কুজকাওয়াজ শেষে বেলা ১১টা ২০ মিনিটে শিক্ষার্থী, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রায় ১০ হাজার জাতীয় সংগীত গেয়েছেন। জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী, পুলিশ সুপার (এসপি) মো. রুহুল আমিন ছাড়াও শহরের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত হয়ে জাতীয় সংগীত গেয়েছেন। সমিঞ্চলিত সাংস্কৃতিক জোটের ব্যানারে শহরের নাট্য সমিতির সামনের রাস্তায় কয়েক শ শিল্পী এবং রাস্তার পাশে দাঁড়িয়ে পথচারী ও দোকানদারদেরও জাতীয় সংগীত গাইতে দেখা গেছে।
কুড়িগ্রাম: জেলা প্রশাসনের উদ্যোগে কুড়িগ্রাম স্টেডিয়াম মাঠসহ শহরের ১১টি পয়েন্টে কয়েক হাজার মানুষ একযোগে জাতীয় সংগীত গেয়েছেন। এ ছাড়া প্রথম আলোর জেলা কার্যালয়ের সামনে বন্ধুসভার সদস্যরা এবং কেন্দ্রীয় শহীদ মিনার, বাজার রোড, রিভার ভিউ রোড, খলিলগঞ্জ বাজার, পুরাতন পোস্ট অফিস মাঠ, পৌর বাজার, ত্রিমোহনী বাজার, হাসপাতাল মোড়, ভকেশনাল মোড় এবং কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকায় কয়েক হাজার মানুষ দাঁড়িয়ে জাতীয় সংগীত গেয়েছেন।