কণ্ঠ শুনে মনে হয়েছে তিনি কাদের মোল্লার ফাঁসি হওয়ায় মর্মাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কাদের মোল্লার ফাঁসি কার্যকর হওয়ায় পাকিস্তানের পার্লামেন্টে আনা নিন্দা ও শোক প্রস্তাবে বিরোধীদলীয় নেত্রী মর্মাহত হয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন। তিনি আসলে ওই কারণে মর্মাহত হয়েছেন, নাকি কাদের মোল্লার ফাঁসি হয়েছে এ কারণেই মর্মাহত হয়েছেন। তাঁর কণ্ঠ শুনে আমার মনে হয়েছে, তিনি কাদের মোল্লার ফাঁসি হওয়ায় মর্মাহত হয়েছেন।’

আজ শুক্রবার বেলা ১১টা ২৭ মিনিটে নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আওয়ামী লীগ আয়োজিত কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভোট দিতে যারা বাধা দিচ্ছে, তাদের প্রতিরোধ করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘আগামী ৫ জানুয়ারি নির্বাচন হবে। আপনারা সবাই ভোটকেন্দ্রে যাবেন। যাঁর ভোট তিনি দেবেন। যারা ভোট প্রদানে বাধা দেবে, তাদের সবাই মিলে প্রতিহত করতে হবে।’

রাজশাহীতে বোমা মেরে পুলিশ সদস্যকে হত্যার ঘটনার নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, একজন পুলিশ সদস্যের ওপর হামলা হলে, আরেক পুলিশ তো বসে থাকতে পারে না। সহিংসতা সৃষ্টিকারীদের কঠোর হস্তে দমন করা হবে বলে তিনি জানান।

শেখ হাসিনা বলেন, বিএনপি নয়, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই মানুষের জীবনমান উন্নত হয়। তিনি বলেন, যে দল স্বাধীনতার জন্য সংগ্রাম করে, ত্যাগ স্বীকার করে, জেল-জুলুম ভোগ করে, তাদেরই ক্ষমতায় থাকা উচিত। তারা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। আজকে বাংলাদেশের মানুষ তা মর্মে মর্মে উপলব্ধি করছে। আর এ জন্য আগামী ৫ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী অভিযোগ করে বলেন, স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর রাষ্ট্রীয় ক্ষমতা দখলের জন্য ১৯ বার ক্যু হয়েছিল। সামরিক বাহিনীর কর্মকর্তাসহ বিভিন্ন পেশার মানুষকে হত্যা করা হয়েছিল। তখন বাংলাদেশের মানুষ অবহেলিত ছিল। ’৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মানুষের উন্নতি হয়েছে। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ  হয়েছে। তিনি বিরোধী দলের নেতাকে উদ্দেশ করে বলেছেন, ‘বিরোধীদলীয় নেত্রী আন্দোলনের ডাক দিয়ে ঘরে বসে আরাম-আয়েশ করেন। আর দেশবাসীকে অবরুদ্ধ করে রাখেন। তাঁদের আন্দোলন ধ্বংসের জন্য। তাঁরা মানুষ হত্যা করে সারা দেশে তাণ্ডব চালাচ্ছেন। আমরা পরিবেশ রক্ষায় গাছ লাগাচ্ছি, আর তাঁরা আন্দোলনের নামে লক্ষ লক্ষ গাছ কেটে পরিবেশ ধ্বংস করছেন।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘দেশে বিদ্যুতের ব্যাপক উন্নয়ন হয়েছে। বিএনপির সময় দেশে বিদ্যুতের নাজুক অবস্থা ছিল। আমরা ক্ষমতায় এসে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন করেছি। ৫৪টি বিদ্যুেকন্দ্র নির্মাণ করেছি। ৩৪টির কাজ সমাপ্তির পথে। এগুলোও দ্রুত উত্পাদনে যাবে। আবার ক্ষমতায় এলে ২০২১ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন করব। তখন দেশে আর বিদ্যুত্ঘাটতি থাকবে না।’

এ সময় সেখানে সাংসদ শেখ হেলাল উদ্দিন, রেড ক্রিসেন্টের সাবেক চেয়ারম্যান শেখ কবির হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আবদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মির্জা আজম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক চৌধুরী, গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুত্ফর রহমান, কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস প্রমুখ বক্তব্য দেন। সভায় সভাপতিত্ব করেন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুভাষ চন্দ্র জয়ধর।