কণ্ঠশিল্পী আসিফ বিএনপি থেকে পদত্যাগ করেছেন
বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য কণ্ঠশিল্পী আসিফ আকবর দল থেকে পদত্যাগ করেছেন। আসিফের পক্ষে তাঁর স্ত্রী সালমা আসিফ ও ছেলে রুদ্র আসিফ ঢাকায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে গতকাল শুক্রবার দুপুরে পদত্যাগপত্র পৌঁছে দেন।মির্জা ফখরুলের মুঠোফোন বন্ধ থাকায় পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে কি না, সন্ধ্যায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত তা নিশ্চিত করা সম্ভব হয়নি।গত ৩১ জানুয়ারি কুমিল্লার মিয়ামী হোটেলে কুমিল্লা (দক্ষিণ) জেলা ছাত্রদলের সদস্য সংগ্রহ কার্যক্রম চলাকালে ছাত্রদল ও যুবদলের কয়েকজন কর্মী আসিফের ওপর হামলা করে। ওই ঘটনার সময় বিএনপির সহসভাপতি রাবেয়া চৌধুরী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সেখানে উপস্থিত ছিলেন। ঘটনার সময় তাঁরা হস্তক্ষেপ না করায় মর্মাহত হয়ে দল থেকে পদত্যাগ করার কথা জানিয়েছেন আসিফ।আসিফের পদত্যাগের খবর পেয়ে কুমিল্লায় দলীয় নেতা-কর্মীরা সন্ধ্যা সাতটায় শহরের কান্দিরপাড়ে দলীয় কার্যালয়ে সভা করেন। এতে আসিফকে পদত্যাগপত্র প্রত্যাহারের আহ্বান ও তাঁর ওপর হামলাকারীদের বিচার দাবি করা হয়।আসিফের মুঠোফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে আসিফের পদত্যাগের খবরটি নিশ্চিত করেছেন তাঁর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কুমিল্লা জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি সাজ্জাদুল কবীর।এদিকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা কুমিল্লার সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠন অল ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (অসাক) গতকাল এক জরুরি সভায় শিল্পী আসিফের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে। উল্লেখ্য, আসিফ এই সংগঠনের উপদেষ্টা।