কণ্ঠশিল্পী খুরশীদ আলমকে আজীবন সম্মাননা প্রদান
বাংলা গানের কালজয়ী কণ্ঠশিল্পী মো. খুরশীদ আলমকে বগুড়ায় আজীবন সম্মাননা প্রদান করা হয়েছে। মাসব্যাপী অনুষ্ঠিত অমর একুশে বইমেলা এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গত শনিবার সন্ধ্যায় বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের পক্ষ থেকে গুণী এই শিল্পীকে সম্মাননা প্রদান করা হয়।
কলেজের মুক্তমঞ্চে সম্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ সামস্-উল-আলম। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন।
অধ্যক্ষ বলেন, ড. মুহম্মদ শহীদুল্লাহ ও সৈয়দ মুজতবা আলীর মতো গুণীরা শিক্ষার আলো ছড়িয়েছেন এই বিদ্যাপীঠে। সেই আলোয় উদ্ভাসিত হয়ে দেশ-বিদেশে খ্যাতি ছড়াচ্ছেন অনেকেই। শুধু জ্ঞানার্জনের মাধ্যমে সেরা হলে চলবে না, আলোকিত মানুষ হয়ে গড়ে উঠতে হলে সুশিক্ষার সঙ্গে; সংস্কৃতি, ক্রীড়া, বিতর্কসহ সব অঙ্গনে সেরার সাফল্য অর্জন করতে হবে। খুরশীদ আলম তাঁর সুরেলা কণ্ঠের জাদু দিয়ে দেশ-বিদেশে সুনাম কুড়িয়েছেন। বগুড়ার সম্মান বাড়িয়ে দিয়েছেন। তাঁর জন্য বৃহত্তর বগুড়াবাসী গর্বিত। বরেণ্য এই কণ্ঠশিল্পীর প্রতি ভালোবাসা জানাতেই অমর একুশের বইমেলায় কলেজের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হচ্ছে। এই বিদ্যাপীঠের শিক্ষার্থীদের তাঁকে দেখে অনুপ্রাণিত হয়ে শিক্ষার পাশাপাশি সংস্কৃতিচর্চার মাধ্যমে আলোকিত মানুষ হয়ে গড়ে ওঠার চেষ্টা থাকতে হবে।
মো. খুরশীদ আলম বলেন, ‘সংগীতজীবনে সুদীর্ঘ ৫০ বছর পরে আমার পৈতৃক ভূমি বগুড়ার এ রকম একটি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠে সম্মাননা পাচ্ছি, এটা আরও আগে পেলে ভালো লাগত। শিক্ষার্থীদের প্রতি অনুরোধ রইল, সুশিক্ষা অর্জনের পাশাপাশি শুদ্ধ সংস্কৃতিচর্চার মাধ্যমে বগুড়াকে বিশ্বজুড়ে তুলে ধরতে হবে।’
সম্মাননা অনুষ্ঠান শেষে শিল্পী তাঁর গাওয়া ‘চুমকি চলেছে একা পথে’, ‘প্রেমের দরজা খোলো না’, ‘বন্দী পাখির মতো’, ‘ভাইয়ের আদরের ছোট বোন’, ‘হায়রে কী সৃষ্টি’, ‘মা গো মা ও গো মা আমারে বানাইলি তুই দিওয়ানা’সহ জনপ্রিয় কিছু গান গেয়ে শিক্ষার্থীদের মাতিয়ে রাখেন।
বন্ধুসভার সদস্যদের শোনালেন গল্প: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সকালে বরেণ্য এই কণ্ঠশিল্পীর কাছ থেকে ‘বাংলা গানের স্বর্ণালি ইতিহাসের গল্প’ শোনার আয়োজন করে প্রথম আলোর বগুড়া বন্ধুসভা। সকাল সাড়ে ১০টায় প্রথম আলোর বগুড়া কার্যালয়ের সভাকক্ষে ওই অনুষ্ঠানে শিল্পীকে শুভেচ্ছা জানান বন্ধুসভার সদস্যরা। পরে খুরশীদ আলম ষাট থেকে আশির দশক পর্যন্ত বাংলা গানের স্বর্ণালি অতীত ও তাঁর সংগীতজীবনের নানা স্মৃতির কথা শোনান।
পরে শিল্পী বন্ধুসভার সদস্যদের তাঁর জনপ্রিয় কয়েকটি গান গেয়ে শোনান। বন্ধুসভার সদস্যরাও গান গেয়ে শিল্পীর প্রতি সম্মান ও ভালোবাসা জানান।