কণ্ঠে কণ্ঠে নজরুলের 'বিদ্রোহী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কণ্ঠে কণ্ঠে ধ্বনিত হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতার অমর চরণ, ‘বল বীর, বল উন্নত মম শির’। সোমবার মহান মে দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ‘লাখো কণ্ঠে বিদ্রোহী কবিতা’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে নজরুল চর্চাকেন্দ্র বাঁশরী ও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)৷
আয়োজনের সমন্বয়কারী রেজাউল হোসাইনের নির্দেশনায় বিকেল ৪টা ৩৬ মিনিটে আবৃত্তি শুরু হয়। আবৃত্তি শেষ হয় ৪টা ৫০ মিনিটে। অনুষ্ঠানে বিএনসিসির সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ সাধারণ মানুষ অংশ নেন। তবে আয়োজকেরা আগে ঘোষণা দিয়েছিলেন লাখো কণ্ঠে কবিতাটি আবৃত্তি হবে। কিন্তু সোমবারের এ আয়োজনে গিয়ে দেখা গেছে, উপস্থিতি অনেক কম।
আবৃত্তির আগে ছিল সংক্ষিপ্ত আলোচনা। প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
দর্শক-শ্রোতারাও কণ্ঠ মেলালেন
বরিশাল অফিস জানায়, পয়লা মে রাত পৌনে আটটা! সবাই একত্রে কণ্ঠ মেলালেন, ‘বল বীর, বল উন্নত মম শির! শির নেহারি আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!’ বরিশাল নগরের অশ্বিনীকুমার হলে পাঁচ শতাধিক আবৃত্তিশিল্পী, অতিথি, দর্শক-শ্রোতা একসঙ্গে আবৃত্তি করলেন কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতাটি।
কবিতাটির আট যুগ পূর্তি উপলক্ষে ‘মানবতার আহ্বান’ অনুষ্ঠানের আয়োজন করে বরিশাল নাটক পরিচালিত আবৃত্তি প্রশিক্ষণকেন্দ্র। রাত পৌনে ১১টা পর্যন্ত চলে অনুষ্ঠান।