কতিপয় বিপথগামীর কাছে বাংলাদেশ পরাস্ত হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিরা দেশি-বিদেশি নাগরিক হত্যার মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে বাংলাদেশের জাতীয় অগ্রগতির পথ রুদ্ধ করতে চায়। তারা বাংলাদেশকে তালেবান রাষ্ট্রে পরিণত করার জন্য হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। গতকাল সোমবার ৩২ জন বিশিষ্ট ব্যক্তি এক বিবৃতিতে এসব কথা বলেছেন।

বিবৃতিতে বলা হয়েছে, জনমনে আতঙ্ক সৃষ্টি করে জঙ্গিরা আন্তর্জাতিক অঙ্গনে প্রমাণ করতে চায়, বাংলাদেশ নিরাপত্তাঝুঁকিতে আছে। এরপর তারা মুক্তিযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশের বিপরীতে একটি মধ্যযুগীয় তালেবান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়।

মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী সব শ্রেণি-পেশার মানুষকে অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বিশিষ্ট ব্যক্তিরা বলেন, কতিপয় বিপথগামীর কাছে মুক্তিযুদ্ধে বিজয়ী বাংলাদেশ পরাস্ত হতে পারে না।

সম্প্রতি ঢাকার গুলশানে ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় নারকীয় হত্যাযজ্ঞের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিশিষ্ট ব্যক্তিরা এ বিবৃতি দিয়েছেন। তাঁরা বলেন, এর আগে জঙ্গিরা বিভিন্ন ধর্ম, সম্প্রদায়, মত ও পেশার দেশি-বিদেশি নাগরিকদের হত্যা করেছে। তাদের এবারের আক্রমণ আরও ভয়াবহ। ধর্মীয় জঙ্গিবাদ বৈশ্বিক সমস্যা। বাংলাদেশে তাদের চিন্তাধারার অনুসারীরা আন্তর্জাতিক জঙ্গিবাদের সঙ্গে যোগাযোগ করে ধারাবাহিক অপকর্মে লিপ্ত হয়েছে।

লক্ষণীয়, সাম্প্রতিক হামলায় অংশ নেওয়া জঙ্গিরা অধিকাংশ আধুনিক শিক্ষায় শিক্ষিত এবং সদ্য কৈশোর উত্তীর্ণ সচ্ছল পরিবারের সন্তান। জঙ্গিবাদের অর্থ জোগানদাতা ও পরিকল্পনাকারীরা এসব তরুণকে ধর্মের উগ্রবাদী ব্যাখ্যায় দীক্ষিত ও আচ্ছন্ন করছে এবং আধুনিক ও দেশীয় অস্ত্রে সজ্জিত করে তাদের আত্মহননের পথে প্ররোচিত করছে। এসব জঙ্গিকে সুপথে ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দাদের সক্ষমতা বাড়াতে হবে। একই সঙ্গে পারিবারিক ও সামাজিক বন্ধন দৃঢ় করে নতুন প্রজন্মের মধ্যে মমত্ব ও মানবিকতাবোধ জাগিয়ে তুলতে হবে। এ ক্ষেত্রে শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে বিশেষ ভূমিকা রাখতে হবে।

বিশিষ্ট ব্যক্তিরা বলেন, ‘আমরা বিশ্বাস করি, এ দেশের মানুষ ধর্মের নামে নিষ্ঠুরতা ও ধর্মের অবমাননা মেনে নেবে না। তারা শান্তিপূর্ণ নিরাপদ বাংলাদেশের অগ্রযাত্রায় বিশ্বাসী। কিন্তু কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে এই জাতীয় দায়িত্ব সম্পন্ন করা সম্ভব নয়, দরকার একাত্তরের মতো সামাজিক শক্তির ঐক্যবদ্ধ সক্রিয়তা।’

বিবৃতিতে সই করেছেন অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, আমীর-উল ইসলাম, কাজী খলীকুজ্জমান আহমদ, আ আ ম স আরেফিন সিদ্দিক, অজয় রায়, কামাল লোহানী, ড. অজয় রায়, অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, সুলতানা কামাল, মোহাম্মদ ফরাসউদ্দিন, অনুপম সেন, সারওয়ার আলী, রানা দাশগুপ্ত, রামেন্দু মজুমদার, আলী যাকের, রাশেদা কে চৌধূরী, মামুনুর রশীদ, গোলাম সারওয়ার, আবেদ খান, জিয়াউদ্দিন তারিক আলী, সেলিনা হোসেন, আয়শা খানম, মমতাজ বেগম, এম এম আকাশ, হাশেম খান, রফিকুন্নবী, আবুল মোমেন, মনজুরুল আহসান বুলবুল, ফেরদৌসী প্রিয়ভাষিণী, হারুনুর রশীদ ও কাজী সালাউদ্দিন।