কত্ত বড় বাগাড়!

সারা দিন মাছ ধরা শেষে বিকেলে জাল গুটিয়ে বাড়ি যাচ্ছিলেন জেলেরা। হঠাৎ কী মনে হলো একজনের। আবার জাল ফেললেন। সঙ্গে সঙ্গে জালে বড় ঝাঁকুনি। নৌকাও কেঁপে উঠল একটু। অনেকক্ষণ ধরে ধীরে ধীরে জাল গোটান জেলেরা। ঝাঁকুনিতে জাল ঠিকমতো গোটানো যাচ্ছিল না। মাছ তোলার পর সবার চক্ষু চড়কগাছ। ধরা পড়েছে মস্ত বড় এক বাগাড়। ওজন প্রায় ৬৪ কেজি ৩০০ গ্রাম।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে গতকাল সোমবার সন্ধ্যায় মাছটি ধরা পড়ে। ২ ও ৩ নম্বর ফেরিঘাটের মাঝামাঝি জায়গায় মাছটি ধরা পড়ে। জেলে জামাল, কাজী, দুলাল, চালাকসহ কয়েক জন বলেন, কয়েক বছরের মধ্যে এত বড় বাগাড় দেখেননি তাঁরা।
মাছ তুলতে তুলতে সন্ধ্যা নেমে যায়। তিন নম্বর ফেরিঘাটে মাছ ঘিরে তখন তুমুল হইচই। মাছ ব্যবসায়ী সহিদুল ইসলামও সেখানে ছিলেন। তাঁর ভাষ্য, মাছের ওজন ৬৪ কেজি ৩০০ গ্রাম। জেলেদের কাছ থেকে তিনি ৪১ হাজার টাকায় মাছটি কিনে নেন। গতকাল রাতেই মানিকগঞ্জ হরিরামপুরের বাল্লা এলাকার পরিচিত এক ব্যবসায়ীর কাছে মাছটি পাঠিয়ে দেন। ওই ব্যবসায়ী আজ সকালে খুচরা ৭৫০ টাকা কেজি দরে মাছ বিক্রি করেন।

মাছ ব্যবসায়ী রশিদ মোল্লার ভাষ্য, ২০ বছরের ব্যবসা জীবনে বেশ কয়েক বছর আগে তিনি ৭০ কেজি ওজনের বাগাড় মাছ দেখেছিলেন। তারপর এটাই সবচেয়ে বড় বাগাড়।
স্থানীয় প্রবীণ মুদি দোকানি গফুর খাঁর ভাষ্য, তিন–চার বছরের মধ্যে এত বড় মাছ তিনি দেখেননি। এত বড় মাছ সহজে ধরাও পড়ে না। ফেরিঘাটের কাছে চ্যানেলের মুখে এত বড় মাছ ছিল ভেবে তিনি নিজেই অবাক হচ্ছেন।