কারখানার প্লাস্টিক বর্জ্যে ওয়াক্স ওয়ার্ম (মৌচাক থেকে প্রাপ্ত অণুজীব) প্রয়োগ করলে তা নির্দিষ্ট সময় পরে প্লাস্টিককে পচিয়ে ফেলবে। প্রকল্পটির নাম ‘ইন্ডাস্ট্রিয়াল গারবেজ ম্যানেজমেন্ট সিস্টেম’। রাজধানীর আগারগাঁওয়ের বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় জুনিয়র গ্রুপে এ প্রকল্প তুলে ধরে প্রথম পুরস্কার পেয়েছে কুমিল্লার এম এম সাদমান সফি ও তার দল।
বিজ্ঞান মেলায় সিনিয়র গ্রুপে ‘নতুন প্রস্তাবিত পর্যায় সারণি’র জন্য প্রথম পুরস্কার পায় চাঁদপুরের আল আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মো. মোজাম্মেল হক।
‘উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি’ স্লোগান নিয়ে শুরু হওয়া তিন দিনব্যাপী ‘৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০১৭’ গতকাল শনিবার শেষ হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে এ মেলা শুরু হয়। মেলায় দেশের ৬৪টি জেলা থেকে সিনিয়র গ্রুপে (ষষ্ঠ-দশম শ্রেণি) ৬৪ জন, জুনিয়র গ্রুপে (একাদশ-দ্বাদশ ও সম্মান) ৬৪ জন, বিশেষ গ্রুপে (বিভিন্ন বিজ্ঞান ক্লাব ও সংগঠনের) ৫০ জন প্রতিযোগী তাঁদের উদ্ভাবিত প্রকল্প উপস্থাপন করেন।
বিজ্ঞান মেলায় ফেনী সরকারি কলেজের শরিফুল ইসলামের দল সিনিয়র গ্রুপে পঞ্চম স্থান দখল করে। তাদের প্রকল্পের নাম ‘ব্লাইন্ড গাইডার অ্যান্ড রিডার’। এ যন্ত্র দৃষ্টিপ্রতিবন্ধীদের একই সঙ্গে পথ দেখাবে এবং পড়তে সাহায্য করবে। শরিফুল ইসলাম বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি পথ চলতে গিয়ে কোনো বাধার সম্মুখীন হলে যন্ত্রটি কেঁপে উঠবে এবং ব্যবহারকারীকে সতর্ক করে দেবে। একই সঙ্গে এই যন্ত্র দৃষ্টিপ্রতিবন্ধীদের পড়ার ব্রেইল পদ্ধতিরও বিকল্প হিসেবে কাজ করবে। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান এই স্টলে গেলে শিক্ষার্থীরা তাঁকে তা পরিয়ে কীভাবে কাজ করে তা দেখান।
মেলায় সিনিয়র গ্রুপে তৃতীয় স্থান পাওয়া দিনাজপুরের আদর্শ মহাবিদ্যালয়ের মোসাদ্দেক হোসেনের দল উদ্ভাবন করে লিচু সংরক্ষণ পদ্ধতি। এ জন্য লিচুর বীজ সংগ্রহ করে শুকিয়ে গুঁড়ো করা হয়। এরপর একে প্রতি লিটারে ৪০০ গ্রাম গুঁড়ো মিশিয়ে ১৫ মিনিট ফোটানো হবে। এই পানি ঠান্ডা করে নির্দিষ্ট পাত্রে রাখা হবে। তারপর গাছ থেকে নামানে লিচু চার ঘণ্টার মধ্যে ওই পানিতে ডুবিয়ে রাখা হবে। এ থেকে লিচুর টিস্যুগুলো পুষ্টি গ্রহণ করবে। এভাবে লিচু রাখলে লিচু পচবে না এবং আরও ছয়-সাত মাস সংরক্ষণ করা যাবে। মোসাদ্দেক বলেন, কলেজের বোটানি ল্যাবে তাঁরা এ পরীক্ষা করে সফলতা পেয়েছেন।
বিজ্ঞান মেলায় উদ্ভাবকদের উল্লেখযোগ্য আরও কয়েকটি প্রকল্প হলো বিদ্যুৎবিহীন হিমাগার, ব্যবহার অযোগ্য প্লাস্টিক বা কাঠ থেকে পেট্রোলিয়াম ও জৈব জ্বালানি তৈরি, কচুরিপানা থেকে অপরিশোধিত তেল, পিউরিফিকেশন অ্যান্ড রিসাইক্লিং অব ফ্যাক্টরি ওয়েস্ট, ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রিক্যাল লোড কন্ট্রোলার বাই অ্যান্ড্রয়েড সিস্টেম, ৩৩ গুণ শক্তিশালী কমপ্লিট সোলার প্যানেল, অটোমেটিক ফায়ার অ্যালার্ম অ্যান্ড ফায়ার এক্সটিংগুইসার, অগ্নিনির্বাপক বাস, উইন্ড এনার্জি গ্রিন ভিলেজ, সোলার পাওয়ার এক্সপ্লোরার রোবটিক সিস্টেম, নিরাপদ রেল ভ্রমণ, ফায়ার কন্ট্রোল বাস অ্যান্ড ন্যাচারাল এয়ারকুলার, লেজার স্পাইরোগ্রাফ ও বর্জ্য পরিশোধন, গ্যাস উৎপাদন প্রভৃতি।
উদ্ভাবনী বিজ্ঞান প্রকল্পে জুনিয়র গ্রুপে বিজয়ীরা হচ্ছে কুমিল্লা জিলা স্কুলের এম এম সাদমান সফি, হাতিবান্ধা এসএস হাইস্কুল, লালমনিরহাটের মো. সাইয়্যেদুল মুস্তায়িন, চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়ের হীরা দত্ত, ফেনীর ছাগলনাইয়া পাইলট উচ্চবিদ্যালয়ের তাসাবিল ইসলাম মজুমদার, ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চবিদ্যালয়ের কাজী রুমায়েত ইসলাম।
সিনিয়র গ্রুপে বিজয়ীরা হচ্ছে চাঁদপুরের আল আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের মো. মোজাম্মেল হক, রংপুরের মিলেনিয়াম স্টার স্কুল অ্যান্ড কলেজের মুস্তাভি রহমান তাশিন, দিনাজপুরের আদর্শ মহাবিদ্যালয়ের মো. মোসাদ্দেক হোসেন, রাজবাড়ী সরকারি কলেজের জুনায়েদ ইবনে আতিক এবং ফেনী সরকারি কলেজের শরিফুল ইসলাম।
বিভিন্ন বিজ্ঞান ক্লাব ও সংগঠনের জন্য করা বিশেষ গ্রুপের বিজয়ীরা হলেন নীলফামারী বিজ্ঞান ক্লাবের মো. রবিউস সানি, চিটাগাং সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের জাহেদুল হাসান, বোসন ক্লাব, ময়মনসিংহের জান্নাতুল নাইম, রাজশাহীর স্পুটনিক বিজ্ঞান ক্লাবের মো. আবদুস সামাদ এবং গাইবান্ধার লিপটন বিজ্ঞান ক্লাবের মো. ইয়াহিয়া মোল্লা।
এ ছাড়া আগে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে মেধাতালিকায় স্থান পাওয়া পাঁচজন শিক্ষার্থীকে সরকারিভাবে ভারত সফরে পাঠানোর কথা ঘোষণা করা হয়। তারা হচ্ছে যশোর শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের আসিফ মোস্তফা, বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় টাঙ্গাইলের জারিন মুশরাত লাম, মাগুরার চর মহেশপুর মাধ্যমিক স্কুলের প্রদীপ কুমার বিশ্বাস, চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের আবদুল্লাহ মোহাম্মদ আমিনুল এহসান এবং কুমিল্লা জিলা স্কুলের আওসাফ আরশাদ। তারা ১৯ থেকে ২৩ জুন ভারতের কলকাতা ও দিল্লিতে বিজ্ঞান জাদুঘর এবং দর্শনীয় স্থান পরিদর্শন করবে।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০১৭ উপলক্ষে এবারই প্রথম বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। এতে সারা দেশের প্রায় দেড় শ প্রতিযোগী অংশ নেয়। সমাপনী পর্বে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
সকালে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বিজ্ঞান মেলার স্টল পরিদর্শন করেন। বিজ্ঞান মেলার সমাপনী পর্বে সভাপতিত্ব করেন জাদুঘরের মহাপরিচালক স্বপন কুমার রায়। প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব বেগম ইতি রানী পোদ্দার। আরও বক্তব্য দেন মো. মনজুর রহমান, সুকল্যাণ বাছাড়, এমদাদ হোসেন ভূঁইয়া, প্রফেসর আবদুস সামাদ মণ্ডল প্রমুখ।