কথা আর গানে প্রথম আলোর যুগপূর্তি উৎসব চট্টগ্রামে
আমরা ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে আন্দোলন করেছি। মুক্তিযুদ্ধে লক্ষ প্রাণের বিনিময়ে এসেছে স্বাধীনতা। প্রথম আলো মুক্তিযুদ্ধের কথা বলে, গণতন্ত্রের কথা বলে। এভাবে গোটা দেশ আলোকিত করছে পত্রিকাটি। প্রথম আলো সম্পর্কে এ কথা বলেছেন প্রবীণ বিপ্লবী বিনোদবিহারী চৌধুরী। গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর যুগপূর্তি উপলক্ষে চট্টগ্রামের ডিসি হিল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগঠক বেলাল মোহাম্মদ, শহীদ জায়া মুশতারী ও চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান।স্বাগত বক্তব্যে প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন বলেন, ‘পাঠকের ভালোবাসা নিয়ে এক যুগ পার করেছে প্রথম আলো। তরুণদের সঙ্গে নতুন বাংলাদেশ গড়ার অভিযাত্রায় শামিল হয়েছে পত্রিকাটি।’এর আগে বিকেল চারটায় ‘বদলে যাও বদলে দাও...’ গানের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। নৃত্যের ছন্দে ও গানের আনন্দে মেতে ওঠে দর্শকেরা। অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে আসেন চট্টগ্রামের বিশিষ্টজনেরা। সার্বিক সহযোগিতায় ছিলেন বন্ধুসভার সদস্যরা। অনুষ্ঠানে গান করেন স্থানীয় শিল্পী হৈমন্তী রক্ষিত মান, ক্লোজআপ ওয়ান তারকা নিশিতা, প্রেমসুন্দর বৈষ্ণব ও সুস্মিতা এবং ব্যান্ড দল দুরবিন। ‘নাও ছাড়িয়া দে, পাল উড়াইয়া দে’সহ চারটি দেশের গান করেন বন্ধুসভার সদস্যরা।