কথা ও কবিতায় সৈয়দ শামসুল হককে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল, কুষ্টিয়া, রাজবাড়ী ও নীলফামারী জেলার কবি-সাহিত্যিক ও শিল্পীরা লেখক সৈয়দ শামসুল হককে গতকাল শনিবার স্মরণ করলেন কথা ও কবিতার মধ্য দিয়ে। বরিশাল অফিস এবং কুষ্টিয়া, রাজবাড়ী ও নীলফামারী প্রতিনিধি জানিয়েছেন বিস্তারিত:
বরিশাল নগরের কর্মবীর আবদুল খালেক খান গণপাঠাগার মিলনায়তনে সৈয়দ শামসুল হকের প্রতি শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ বরিশাল বিভাগ। আলোচনা শেষে কবিতার ক্লাস আবৃত্তি চর্চাকেন্দ্র এবং উত্তরণ সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা দলীয় আবৃত্তি পরিবেশন করেন।
অনুষ্ঠানে অতিথি ছিলেন প্রবীণ আবৃত্তিকার ও নাট্যনির্দেশক নিখিল সেন, জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান, বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি এস এম ইকবাল।
কুষ্টিয়ায় স্মরণসভা অনুষ্ঠিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত টেগর লজে। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের ব্যবস্থাপনায় কুষ্টিয়া আবৃত্তি পরিষদের আয়োজনে শুক্রবার সন্ধ্যায় এ সভায় মূল আলোচক ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সরওয়ার মুর্শেদ। সভায় কুষ্টিয়া সরকারি সিটি কলেজের অধ্যক্ষ আজমল গনি, সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক আকলিমা খাতুন, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ কুষ্টিয়া শাখার সাধারণ সম্পাদক অশোক সাহা ও কুষ্টিয়া লেখক ফোরামের সভাপতি মুন্সী সাঈদ বক্তব্য দেন।
রাজবাড়ী পাবলিক লাইব্রেরির সামনের স্যার উডহেড মঞ্চে শুক্রবার বিকেলে স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়। রাজবাড়ী আবৃত্তি পরিষদ ও প্রিয়তমাসু আবৃত্তি নিকেতনের ব্যবস্থাপনায় বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ এ অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানে বক্তব্য দেন অঙ্কুর স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক গোলাম সরোয়ার, টাউন মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুন কক্স, কবি নেহাল আহমেদ, কবি খোকন মাহমুদ, আরডিএর সভাপতি মেজবাহ-উল-করিম রিন্টু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন দেলোয়ার হোসেন ও ফাহমিদা সুলতানা।
নীলফামারীতে নীলকণ্ঠ আবৃত্তি পরিষদ ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ নীলফামারী জেলা শাখা শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্মরণানুষ্ঠান করে। এতে সৈয়দ শামসুল হকের কর্মময় জীবনের ওপর আলোচনা করেন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের নীলফামারী জেলা শাখার সহসভাপতি অসিত কুমার ধর, প্রভাষক মৃণাল কান্তি রায়, নীলকণ্ঠ আবৃত্তি পরিষদের সহসভাপতি সৈয়দা জিনাত রেহেনা, সুরাইয়া পারভীন, নীলফামারী থিয়েটারের সাধারণ সম্পাদক মনিরুল হাসান প্রমুখ। শেষে কবির লেখা ‘আমার পরিচয়’ কবিতা আবৃত্তি করেন সংগঠনের শিশু আবৃত্তিশিল্পী মীম, আনতু, রিমি ও জিনিয়াস।