
চট্টগ্রামের ফয়’স লেকের কনকর্ড অ্যামিউজমেন্ট পার্কে গতকাল শুক্রবার বিকেলে জমে উঠেছিল বাংলালিংক প্রথম আলো মাদকবিরোধী কনসার্ট। মাদকের প্রতি ঘৃণা প্রকাশ করে কথা ও সুরের জাল বুনে কনসার্ট দেখতে আসা হাজারো দর্শককে তিন ঘণ্টার বেশি সময় বিমোহিত করে রাখেন শিল্পী ও অতিথিরা।প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী আন্দোলন আয়োজিত এই কনসার্টের সহযোগিতায় ছিল বাংলালিংক ও কনকর্ড এন্টারটেইনমেন্ট লিমিটেড। মিডিয়া পার্টনার ছিল চ্যানেল আই ও এবিসি রেডিও। সহযোগিতায় ছিল প্রথম আলো বন্ধুসভা।চট্টগ্রামে গতকাল সকাল থেকে অঝোর ধারায় বৃষ্টি হচ্ছিল। দুপুরের পরেই তা থেমে যায়। বিকেল চারটায় কনসার্ট শুরুর পরপরই ফের ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়। কিন্তু সেই বৃষ্টি বাধা হতে পারেনি দর্শকদের উচ্ছ্বাস প্রকাশে।প্রথমে মঞ্চে আসেন উপস্থাপক অপি করিম। তাঁর আহ্বানে কনসার্টে প্রথম গান গাইতে ওঠেন ইমরান। তিনি তিনটি গান শোনান। এরপর মঞ্চে আসেন বাংলালিংকের ট্রেড অ্যান্ড বিপণন ব্যবস্থাপক সরফরাজ নেওয়াজ খান। তিনি বলেন, মাদকের নেশায় সুন্দর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে। এটা কাম্য নয়। বক্তৃতার পর আবার গান। শাহ আবদুল করিমের ‘যা দিয়েছ তুমি আমায়’সহ তিনটি গান করেন রিঙ্কু। অনুষ্ঠানে উপস্থাপককে সহযোগিতা করেন প্রথম আলো ট্রাস্টের সমন্বয়কারী আজিজা আহেমদ।
রিঙ্কুর গানের পর আবারও বক্তৃতার পর্ব শুরু হয়। প্রথম আলো মাদকবিরোধী আন্দোলনের উপদেষ্টা মনোরোগ বিশেষজ্ঞ মোহিত কামাল বলেন, ‘মাদকাসক্ত ব্যক্তিদের নিরাময়ের জন্য বর্তমানে যাঁরা আসছেন, তাঁদের ৮০ ভাগই ইয়াবা নেন। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ক্যাডেট কলেজের ছাত্রদের যখন দেখি মাদক নিচ্ছে, তখন মনে হয় আমাদের সমাজের ভেতরে কিছু একটা ঘটছে।’
প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী বলেন, জীবন একটাই। মাদক জীবনকে ঠেলে দেয় মৃত্যর পথে। প্রেম কিংবা পরীক্ষায় ব্যর্থতার জন্য মাদক গ্রহণ করা যাবে না। মাদক থেকে দূরে থাকতে হবে।
কনকর্ড ফয়’স লেকের মহাব্যবস্থাপক এম সাজ্জাদ আলম বলেন, মাদক ব্যবহারের কারণে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। মাদক থেকে দূরে থাকতে হবে। অভিনেত্রী কুসুম সিকদার বলেন, সুন্দর জীবনটা মাদক নিয়ে নষ্ট করে ফেলার কোনো মানে হয় না।
মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে ন্যান্সি তাঁর জনপ্রিয় কয়েকটি গান গেয়ে শোনান। আসিফ আকবর কথার পাশাপাশি গানে বিমোহিত করে রাখেন দর্শকদের। তিনি ‘বিশ্বাস করো’ ও ‘বৃষ্টিভেজা সন্ধ্যায় তোমার কথা ভাবছি’ গান দুটির পর ‘বদলে যাও, বদলে দাও’ গানটি পরিবেশন করেন। এস আই টুটুল মঞ্চে হাজির হন তাঁর দল ধ্রুবতারা নিয়ে। ‘কেউ প্রেম করে কেউ প্রেমে পড়ে’, ‘যায় দিন’ ইত্যাদি জনপ্রিয় গান গেয়ে তিনি জমিয়ে তোলেন অনুষ্ঠান। সবশেষে চিরকুট ব্যান্ডের সদস্যরা ‘কানামাছি’সহ কয়েকটি গান করেন।