সংসদে বিরোধী দলের যোগ দেওয়াকে স্বাগত জানিয়ে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিরোধী দল সংসদে আসায় রাজনীতিতে সুবাতাস বইতে শুরু করেছে। সংসদে কথা-কাটাকাটি, মন-কষাকষির মধ্যে একপর্যায়ে বরফ গলে যাবে। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা-পাগলা-নারায়ণগঞ্জ সড়ক সংস্কারকাজের অগ্রগতি পরিদর্শন করতে এসে সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, বিরোধী দলের মূল দাবি নির্বাচনকালীন সরকারব্যবস্থার কাঠামো নিয়ে। তারা এ বিষয়ে সংসদে আলোচনার প্রস্তাব দিয়েছিল, আবার তারাই তা প্রত্যাহার করে নিয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, বিরোধী দল সংসদে থাকবে।
যোগাযোগমন্ত্রী আরও বলেন, রাজধানীতে প্রবেশ ও বের হওয়ার সময় শুধু যাত্রাবাড়ী পার হতে আড়াই ঘণ্টা লেগে যায়। এই ভোগান্তি কমাতে দুটি বিকল্প সড়কের কথা জানান তিনি। একটি বাবুবাজার সেতু থেকে পোস্তপোলা হয়ে ঢাকা-পাগলা-নারায়ণগঞ্জ সড়ক দিয়ে চাষাঢ়া হয়ে সাইনবোর্ড দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, আরেকটি টঙ্গী স্টেশন হয়ে জয়দেবপুর-ভুলতা-মদনপুর হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং নরসিংদীর ঘোড়াশালের পাঁচদোনা হয়ে ঢাকা-সিলেট মহাসড়ক। এতে যাত্রীদের যাত্রাবাড়ীর দীর্ঘ জটে পড়তে হবে না।
বিআরটিএর কেরানীগঞ্জের ইকুরিয়া অফিসে দুর্নীতি ও দালালদের হয়রানি কমেছে দাবি করে মন্ত্রী বলেন, বিআরটিএকে দুর্নীতিমুক্ত করতে কাজ করা হচ্ছে।
সড়কের সংস্কারকাজ পরিদর্শনের সময় ওবায়দুল কাদেরের সঙ্গে সড়ক ও জনপথ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।