কথা-কাটাকাটির এক পর্যায়ে বরফ গলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদে বিরোধী দলের যোগ দেওয়াকে স্বাগত জানিয়ে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিরোধী দল সংসদে আসায় রাজনীতিতে সুবাতাস বইতে শুরু করেছে। সংসদে কথা-কাটাকাটি, মন-কষাকষির মধ্যে একপর্যায়ে বরফ গলে যাবে। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা-পাগলা-নারায়ণগঞ্জ সড়ক সংস্কারকাজের অগ্রগতি পরিদর্শন করতে এসে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, বিরোধী দলের মূল দাবি নির্বাচনকালীন সরকারব্যবস্থার কাঠামো নিয়ে। তারা এ বিষয়ে সংসদে আলোচনার প্রস্তাব দিয়েছিল, আবার তারাই তা প্রত্যাহার করে নিয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, বিরোধী দল সংসদে থাকবে।যোগাযোগমন্ত্রী আরও বলেন, রাজধানীতে প্রবেশ ও বের হওয়ার সময় শুধু যাত্রাবাড়ী পার হতে আড়াই ঘণ্টা লেগে যায়। এই ভোগান্তি কমাতে দুটি বিকল্প সড়কের কথা জানান তিনি। একটি বাবুবাজার সেতু থেকে পোস্তপোলা হয়ে ঢাকা-পাগলা-নারায়ণগঞ্জ সড়ক দিয়ে চাষাঢ়া হয়ে সাইনবোর্ড দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, আরেকটি টঙ্গী স্টেশন হয়ে জয়দেবপুর-ভুলতা-মদনপুর হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং নরসিংদীর ঘোড়াশালের পাঁচদোনা হয়ে ঢাকা-সিলেট মহাসড়ক। এতে যাত্রীদের যাত্রাবাড়ীর দীর্ঘ জটে পড়তে হবে না। বিআরটিএর কেরানীগঞ্জের ইকুরিয়া অফিসে দুর্নীতি ও দালালদের হয়রানি কমেছে দাবি করে মন্ত্রী বলেন, বিআরটিএকে দুর্নীতিমুক্ত করতে কাজ করা হচ্ছে। সড়কের সংস্কারকাজ পরিদর্শনের সময় ওবায়দুল কাদেরের সঙ্গে সড়ক ও জনপথ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।