কথা থাকলে সংসদে আসুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনকালীন সরকারপদ্ধতি নিয়ে আলোচনা করে সমস্যা সমাধানের জন্য বিরোধী দলকে সংসদে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি দলীয় নেতাদের আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলকে প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন।

আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বর্ধিত সভার উদ্বোধনী বক্তব্যে বিরোধী দলের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় সারা পৃথিবীতে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সেভাবে হবে। এ ব্যাপারে কোনো কথা থাকলে সংসদে আসুন; যা বলার সেখানে বলেন। সংসদে আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করেন। আলটিমেটাম দিয়ে কোনো লাভ হবে না। এসব করে কোনো অগণতান্ত্রিক শক্তিকে সুযোগ করে দেবেন না।’

গতকাল বুধবার সকালে গণভবনে এই সভায় শেখ হাসিনা বিরোধী দলকে আন্দোলনের নামে মানুষকে জিম্মি করা, মানুষ হত্যা ও জাতীয় সম্পদ ধ্বংসের মতো কাজ বন্ধ করার আহ্বান জানান। তিনি বলেন, ‘বিরোধী দলে থাকার সময় আওয়ামী লীগের নেতাদের হত্যা করে শেষ করে দেওয়ার নীতি নিয়েছিল বিএনপি-জামায়াত জোট। শাহ এ এম এস কিবরিয়া, আহসানউল্লাহ মাস্টারকে হত্যা করেছে তারা। ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে আইভি রহমানসহ ২২ নেতা-কর্মীকে হত্যা করা হয়। আমাদেরও হত্যার পরিকল্পনা ছিল।’

প্রধানমন্ত্রী প্রথম আলোর জরিপ প্রসঙ্গে পত্রিকাটির নাম উল্লেখ না করে বলেন, ‘এর মধ্যে আবার একটি পত্রিকা লিখে দিল, ৯০ শতাংশ মানুষ নাকি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়। ওই পত্রিকাটির চরিত্র কে না জানে। যারা গণতন্ত্রে বিশ্বাসী, ওই পত্রিকাটি সম্পর্কে তাঁদের সচেতন থাকতে হবে।’

দলীয় নেতাদের উদ্দেশে আওয়ামী লীগের সভানেত্রী বলেন, সব মতভেদ দূর করে নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। গত জাতীয় সম্মেলনের পর যেসব জেলায় সম্মেলন হয়নি, সেখানে অনতিবিলম্বে সম্মেলন করতে হবে। এরপর উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সম্মেলন করতে হবে। নতুন নেতৃত্বে নারীদের প্রাধান্য নিশ্চিত করতে হবে। দলের সব পর্যায়ে বর্ধিত সভা করতে হবে। তিনি বলেন, ‘আর কিছুদিন পরে আরেকটু ক্ষুদ্র পরিসরে আপনাদের আবার ডাকব। তখন মনোনয়নের বিষয়ে কথা হবে। এর মধ্যে সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তিনটি বিভাগের তথ্য হাতে আছে। এগুলো পর্যালোচনা করা হচ্ছে।’

বর্ধিত সভায় স্বাগত বক্তব্যে দলের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, দেশ আতঙ্কের মধ্যে। এক-এগারোর মতো আওয়ামী লীগকে নিঃশেষ করার ষড়যন্ত্র চলছে। এ অবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দলীয় ঐক্য।

সভার শুরুতে শোক প্রস্তাব উত্থাপন করেন দলের দপ্তর সম্পাদক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান। কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য ছাড়াও জেলা কমিটিগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক সভায় অংশ নেন।