কথা দিচ্ছি, মনজুরুলের হত্যাকারীদের খুঁজে বের করব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ কে এম শহীদুল হক । ফাইল ছবি
এ কে এম শহীদুল হক । ফাইল ছবি

দুর্বৃত্তের গুলিতে নিহত মনজুরুল ইসলাম লিটনের হত্যাকারী যারাই হোক, তারা পার পাবেন না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। তিনি বলেন, ‘সাংসদ মনজুরুলের হত্যাকারীদেরও খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। পুলিশপ্রধান হিসেবে আমি আপনাদের এ কথা দিচ্ছি।’

আজ মঙ্গলবার বিকেলে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা আবদুল হক ডিগ্রি কলেজমাঠে আয়োজিত আইনশৃঙ্খলাবিষয়ক এক মতবিনিময় সভায় এ কে এম শহীদুল হক এসব কথা বলেন।

গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সাহাবাজ গ্রামে নিজ বাড়িতে দুর্বৃত্তদের হাতে খুন হন সাংসদ মনজুরুল ইসলাম।

শহীদুল হক বলেন, একজন জনপ্রতিনিধি, মহান জাতীয় সংসদের একজন সদস্য, তাঁকে হত্যা করা হয়েছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সাংসদ লিটনকে যারা হত্যা করেছে, অত্যন্ত পরিকল্পিতভাবে তারা হত্যা করেছে। তিনি বলেন, সাংসদ লিটনের হত্যাকারীদের খুঁজে বের করার জন্য পুলিশের প্রতিটি ইউনিট কাজ করছে। কোনো অপরাধী রেহাই পাবে না।

আইজিপি শহীদুল হক বলেন, ‘দেশের সব সন্ত্রাসী ও জঙ্গি হামলার ঘটনায় অপরাধীদের খুঁজে বের করা হয়েছে। তাদের আইনের আওতায় আনা হয়েছে। সাংসদ মনজুরুলের হত্যাকারীদেরও খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। আমি বাংলাদেশের পুলিশপ্রধান হিসেবে আপনাদের কথা দিয়ে যাচ্ছি, সাংসদের হত্যাকারী যারাই হোক, তারা পার পাবে না।’

সুন্দরগঞ্জ এলাকা সন্ত্রাসীদের জনপদ হিসেবে আখ্যায়িত করে আইজিপি বলেন, ‘এখানকার শতকরা ৯৯ ভাগ লোক শান্তি চায়। কিন্তু এখানে চারজন পুলিশ হত্যা, সাংসদকে হত্যা কারা করেছে, তাদের খোঁজার জন্য জনগণকে সহযোগিতা করতে হবে। জনগণ ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় অপরাধীদের দমন করা সম্ভব হবে। জনগণের শক্তির সঙ্গে আইনের শক্তি এক করে জঙ্গিদের দমন করা হবে। আমরা সুন্দরগঞ্জকে সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত করতে চাই। সাংসদ হত্যার পর শিক্ষা নেওয়া উচিত, এখন থেকে এখানে সন্ত্রাসী থাকবে না।’

মতবিনিময় সভায় সাংসদের বড় বোন আফরোজা বানু বলেন, ‘আমার ভাই হত্যার ১১ দিন পেরিয়ে যাচ্ছে। আমরা অনিশ্চয়তার মধ্যে আছি। আপনারা আমার ভাইয়ের খুনিদের খুঁজে বের করে শাস্তি দিন।’
সাংসদের স্ত্রী খুরশিদ জাহান কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমি আমার স্বামীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখে যেতে চাই। সে আপনাদের সঙ্গে থেকে কাজ করেছে, তাঁকে কেন হত্যা করা হলো?’

গাইবান্ধার পুলিশ সুপার মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন রংপুর রেঞ্জের বিভাগীয় পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক, গাইবান্ধার জেলা প্রশাসক মো. আবদুস সামাদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি এম আবদুস সালাম প্রমুখ।

এর আগে বিকেল সাড়ে চারটার দিকে পুলিশের মহাপরিদর্শক রংপুর থেকে বামনডাঙ্গায় আসেন। মতবিনিময় সভা শেষে তিনি সাংসদের বাড়ি সাহাবাজ গ্রামে যান। সেখানে তিনি সাংসদের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ও সমবেদনা জানান।