কথা না শোনায় প্রতিবন্ধীর ওপর নির্যাতন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক প্রতিবন্ধী তরুণের হাত-পা ভেঙে দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও তার সুচিকিৎসার ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে। এ দাবিতে কয়েক হাজার মানুষ গত শনিবার বরিশালের উজিরপুরের ধামুড়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে সংবাদ সম্মেলন করেছে। নির্যাতনের শিকার ওই প্রতিবন্ধী তরুণের নাম মনির মোল্লা (১৮)। সে উজিরপুর উপজেলার জল্লা গ্রামের মৃত আবদুল কাদের মোল্লার ছেলে। এ ঘটনায় মনিরের ভগ্নিপতি মো. নূর আকন ২৯ আগস্ট থানায় মামলা করতে গেলেও পুলিশ তা গ্রহণ করেনি বলে অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনকারীরা চুরির অভিযোগ তুলে তাকে পুলিশে সোপর্দ করেছিল। পরে তাকে থানা থেকে নিয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। প্রতিবন্ধী মনির মোল্লার মা আছিরন বেগম অভিযোগ করেন, গত ২৮ আগস্ট রাত সাড়ে আটটায় মনির ঘর থেকে বের হয়। রাত নয়টায় গজেন্দ্র গ্রামের জ্ঞানেন্দ্র মাস্টারের বাড়ির সামনে পৌঁছালে আশু বেপারী, বিপ্লব হালদার, শুভ্র হালদার, মোর্শেদ মোল্লা, নিখিল হালদারসহ কয়েকজন মজা করার জন্য মনিরকে ডাক দেন। তাঁদের ডাকে সাড়া না দিয়ে চলে যেতে চাইলে মনিরের ওপর নির্যাতন চালানো হয়। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, কথা না শোনায় আশু বেপারী, বিপ্লব হালদার মনিরের শার্টের কলার ধরে টেনে আনেন। চলে যাওয়ার চেষ্টা করলে তাকে লাথি মেরে মাটিতে ফেলে দেওয়া হয়। এরপর তাকে লাঠি দিয়ে পেটানো হয়। একপর্যায়ে তাঁরা মনিরের হাত ও পা ভেঙে দেন। ঘটনার দায় এড়াতে তাঁরা চুরির অভিযোগ তুলে তাকে পুলিশ ক্যাম্পে হস্তান্তর করেন। ওই ক্যাম্পের কর্মকর্তা মো. নুরুল ইসলাম তাকে না রেখে উজিরপুর থানায় পাঠিয়ে দেন।প্রত্যক্ষদর্শী সূত্রে আরও জানা গেছে, উজিরপুর থানা পুলিশ অবস্থা বেগতিক দেখে তার মাকে খবর দেয়। পরে তার মা এসে তাকে নিয়ে যান। স্থানীয় লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়েছেন। অবস্থার আরও অবনতি হওয়ায় ৩১ আগস্ট তাকে ঢাকায় পাঠানো হয়। মনিরের ওপর নির্যাতন চালানোর ঘটনার বিষয়ে অভিযুক্ত মো. মোর্শেদ মোল্লা বলেন, ‘আমি এ ঘটনার সঙ্গে জড়িত না। তবে ঘটনার শেষে ওই স্থানে উপস্থিত হয়েছিলাম।’ মামলা না নেওয়ার বিষয়ে উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার রায় বলেন, ‘মামলা নেয়নি এ অভিযোগ সঠিক নয়। প্রকৃতপক্ষে কেউ মামলা করতে আসেনি।’