কথা বলতে পারে না, লিখে জানায় স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্ম থেকেই কথা বলতে পারে না। কানেও শোনে কম। তাই সে তার স্বপ্নের কথা জানায় কাগজে লিখে—লেখাপড়া শিখে শিক্ষক হয়ে আলো ছড়াতে চায় প্রতিবন্ধীদের মাঝে। এ স্বপ্ন তাসলিমা খাতুনের।
বাক্ ও শ্রবণপ্রতিবন্ধিতা লেখাপড়ার পথে বাধা হতে পারেনি তাসলিমার। সে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। সে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মধ্য কর্ণা গ্রামের বদর উদ্দিনের মেয়ে। বাবা দিনমজুর। মা শাহিনা বেগম গৃহিণী। তিন ভাইবোনের মধ্যে তাসলিমা দ্বিতীয়।
গতকাল বৃহস্পতিবার শাহিনা বেগম প্রথম আলোকে বলেন, দারিদ্র্যের মাঝেও তাঁরা চান তাসলিমা লেখাপড়া চালিয়ে যাক। সে যেন কারও বোঝা না হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে।
পরিবার জানায়, তাসলিমা প্রতিবন্ধী হয়ে জন্ম নিলেও তার প্রতি যত্নের কমতি নেই বাবা-মায়ের। তাকে স্কুলে ভর্তি করা হয়। সে এবার ঘাটাইলের মমরেজ গলগন্ডা পাবলিক উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে। ঘাটাইল গণ পাইলট মডেল উচ্চবিদ্যালয় কেন্দ্রের ২০৫ নম্বর কক্ষে তার আসন।
তাসলিমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু হানিফ খান বলেন, তাসলিমা লেখাপড়ায় খুব ভালো। নিয়মিত ক্লাস করত। তাকে বিনা বেতনে লেখাপড়া করার সুযোগ দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। খাতায় ও বোর্ডে লিখে তাকে পড়াতে হয়েছে। লেখার মাধ্যমে নির্দেশনা দিলে সে খাতায় লিখে উত্তর দিত।
গতকাল পরীক্ষাকেন্দ্রে গিয়ে দেখা যায়, তাসলিমা ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা দিচ্ছে।
কেন্দ্রসচিব আজাহারুল ইসলাম বলেন, বোর্ডের নির্দেশ অনুযায়ী প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত তিন ঘণ্টা সময়ের সঙ্গে আরও বাড়তি ২০ মিনিট দেওয়ার বিধান রয়েছে। কিন্তু আগের পরীক্ষাগুলোয় তাসলিমার বাড়তি সময় লাগেনি। নির্ধারিত তিন ঘণ্টা সময়ের মধ্যেই লেখা শেষ করেছে।
সহপাঠী কর্ণা গ্রামের ঝুমা বলে, তাদের সঙ্গে বিদ্যালয়ে আসা-যাওয়া করত তাসলিমা। তাকে লেখাপড়ার জন্য সবাই সহযোগিতা করত।
তাসলিমা ভবিষ্যতে শিক্ষক হওয়ার স্বপ্নের কথা কাগজে লিখে প্রকাশ করে। জানায়, সে উচ্চশিক্ষা গ্রহণ করতে চায়। শিক্ষক হয়ে তার মতো বাক্প্রতিবন্ধীদের মাঝে শিক্ষার আলো ছড়াতে চায়।