কথা বলার ওপর কর বসল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথা বলার ওপর কর বসল। অর্থাৎ মুেঠাফোন ব্যবহারের ওপর ১ শতাংশ হারে সারচার্জ দিতে হবে।
মন্ত্রিসভার বৈঠকে গতকাল সোমবার এই উন্নয়ন সারচার্জ ও লেভি আরোপের আইন চূড়ান্ত অনুমোদন করা হয়। এর ফলে মুঠোফোন ব্যবহারের বিলের ওপর ১ শতাংশ সারচার্জ যুক্ত হবে। এতে সরকার বার্ষিক প্রায় ১৪০ কোটি টাকা আয় করবে। এই টাকা শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় করা হবে। জাতীয় সংসদে আইনটি পাস হওয়ার পর আনুষ্ঠানিকভাবে সারচার্জ নেওয়া শুরু হবে।
সচিবালয়ে মন্ত্রিসভার গতকালের এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ বৈঠক সূত্র জানায়, অনানুষ্ঠানিক আলোচনায় একজন মন্ত্রী প্রথম আলোসহ কয়েকটি জাতীয় দৈনিকে প্রকাশিত অনলাইন ভোট বা জরিপের বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, একেক পত্রিকার এজেন্ডা একেক রকম। তারা সেই অনুযায়ী জরিপ করে।
গতকালের বৈঠকে হরতাল-অবরোধ নিয়ে আলোচনা হয়। একপর্যায়ে প্রধানমন্ত্রী বলেন, ঢাকা ও চট্টগ্রামে নির্বাচন করার জন্য বিএনপি হরতাল প্রত্যাহার করেছে। কিন্তু পরীক্ষার্থীদের কথা তাদের বিবেচনায় এল না।
বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ্রিয়ার আলম ‘উইমেন ইন পার্লামেন্টস (ডব্লিউআইপি) গ্লোবাল অ্যাওয়ার্ড’ পদক হস্তান্তর করেন। ২৫ মার্চ ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এই পদক গ্রহণ করেন। রাজনীতিতে নারী-পুরুষ বৈষম্য কমানোর ক্ষেত্রে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় নেতৃস্থানীয় ভূমিকা পালনের জন্য বাংলাদেশ এই পদক লাভ করেছে।
বৈঠক শেষে ব্রিফিংয়ে উন্নয়ন সারচার্জ ও লেভি (আরোপ ও আদায়) আইন-২০১৫ প্রণয়নের প্রেক্ষাপট তুলে ধরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের জানান, ২০১৪-১৫ অর্থবছরের বাজেট আলোচনায় সংসদে প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘মোবাইল ফোনের (সেট) আমদানির ওপর শুল্ক কিছুটা হ্রাস করতে পারেন। মোবাইল ফোনের ব্যবহারের ওপর সারচার্জ বসাতে পারেন। এ থেকে যে রাজস্ব আসবে সেটা শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে ব্যবহার করতে পারি।’ প্রধানমন্ত্রীর প্রস্তাব গ্রহণ করে অর্থমন্ত্রী মুঠোফোন ব্যবহারের ওপর সারচার্জ আরোপের ঘোষণা দেন এবং অর্থ বিলে তা পাস হয়।
সরকারের ওই সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ড ১ শতাংশ সারচার্জ আরোপের প্রস্তাব রেখে একটি সারসংক্ষেপ অর্থ মন্ত্রণালয়ে পাঠায়। পরবর্তীতে আইন মন্ত্রণালয় নতুন আইন প্রণয়নের পক্ষে মত দেয়। সে অনুযায়ী অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আইনের খসড়াটি মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, মুঠোফোন সেবাদানকারী কোম্পানিগুলো গ্রাহকদের কাছ থেকে যে বিল নিচ্ছে, তার সঙ্গেই এই সারচার্জ যোগ হবে। গ্রাহকদের কাছ থেকে পাওয়া এই সারচার্জ মুঠোফোন সেবাদানকারী কোম্পানির মাধ্যমে সরকারি কোষাগারে যাবে।
উল্লেখ্য, সুনির্দিষ্ট কোনো খাতে জনগণের কাছ থেকে অর্থ তুলতে সারচার্জ আরোপ করে সরকার। একসময় যমুনা সেতু (বঙ্গবন্ধু সেতু) তৈরিতে সরকার সারচার্জ আরোপ করেছিল। তখন বাস-ট্রেনের টিকিট, সিনেমার টিকিট কেনার সময় অতিরিক্ত টাকা নেওয়া হতো, যা যমুনা সেতুর তহবিলে জমা হতো।
গতকালের বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দুই দেশের সাজাপ্রাপ্ত ব্যক্তিদের বিনিময় চুক্তি অনুসমর্থন অনুমোদন দেওয়া হয়েছে। এতে সাজাপ্রাপ্ত ব্যক্তিরা নিজ নিজ দেশে সাজা ভোগ করবেন। এমনকি অন্য দেশে সাজা ভোগ শুরু হলেও বাকি সাজা আসামিরা নিজের দেশে এসেই ভোগ করবেন। উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতে প্রায় ১ হাজার সাজাপ্রাপ্ত আসামি রয়েছেন, যাঁরা বাংলাদেশের নাগরিক।
মোশাররাফ হোসাইন ভূইঞা জানান, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল সংশোধন আইন মন্ত্রিসভায় উত্থাপন করা হলেও তা ফেরত পাঠানো হয়েছে।
মন্ত্রিসভার বৈঠকে গতকাল আধুনিক সিঙ্গাপুরের রূপকার ও প্রথম প্রধানমন্ত্রী লি কুয়ান ইউয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়।