কথা বলার সুযোগ না পেয়ে ক্ষুব্ধ তৃণমূলের নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের হোটেল সি-প্যালেস মিলনায়তনে গতকাল শনিবার বিএনপির চট্টগ্রাম বিভাগীয় তৃণমূল ইউনিয়ন প্রতিনিধি সভায় কথা বলতে না পেরে ক্ষুব্ধ হয়েছেন তৃণমূলের নেতারা। বিকেল সাড়ে তিনটায় তৃণমূলের প্রতিনিধি সভা শুরু হয়। কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সাংসদ লুত্ফুর রহমানের সভাপতিত্বে সভায় তারেক রহমানকে নিয়ে গান ও তাঁর ভাষণের ভিডিওচিত্র প্রদর্শনী, খালেদা জিয়া ও তারেক রহমানের রোগমুক্তি কামনা ও ওয়ান-ইলেভেনের পর বিএনপির নেতাদের কারাবাসের বর্ণনা দিতেই প্রথম ঘণ্টা শেষ হয়ে যায়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম বলেন, ‘ইচ্ছে ছিল এলাকার সমস্যা নিয়ে সভায় কথা বলব। কিন্তু সুযোগ দেওয়া হলো না।’ নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন তৃণমূল নেতা জানান, তাঁদের কথা বলার সুযোগ দিলে বড় নেতারা বেকায়দায় পড়তেন। তাই সুযোগই দেওয়া হয়নি।প্রায় একই প্রতিক্রিয়া ব্যক্ত করেন চট্টগ্রামের বোয়ালখালী এসআই কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মহসিন খোকন, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি বিএনপির সভাপতি নজরুল ইসলামসহ অনেকে। বিকেল সাড়ে চারটায় শুরু হয় ‘বিএনপির তৃণমূল ইউনিয়ন প্রতিনিধি সভার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা। সভায় জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ বলেন, ইতিহাস বিকৃত করে শহীদ জিয়ার নাম মুছে ফেলতে দেওয়া হবে না। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. ইনামুল হক ভারত ও বাংলাদেশ সম্পর্কের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তীব্র সমালোচনা করেন।সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষক মোকতার আহমেদ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক সিদ্দিক আহমদ চৌধুরী বক্তব্য দেন। বিকেল সাড়ে পাঁচটায় এই চার আলোচককে ক্রেস্ট দিয়ে সম্মেলন শেষ করা হয়। সম্মেলনে চট্টগ্রাম দক্ষিণ, বান্দরবান ও কক্সবাজার জেলার ইউনিয়ন পর্যায়ের প্রায় দেড় হাজার প্রতিনিধি যোগ দেন। সম্মেলনে বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান, জয়নাল আবদিন ফারুক, গোলাম আকবর খন্দকার, সালাহ উদ্দিন আহমদ, জাফরুল ইসলাম চৌধুরী, সাংসদ হাসিনা আহমদ, শাহজাহান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।