কথা রাখতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যের
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়কে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে। দুই লাখের বেশি স্বাক্ষরসংবলিত স্মারকলিপিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দেয় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃত্বে মোট ৩৪টি সংগঠনের আট সদস্যের একটি প্রতিনিধি দল।
আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটার পর এই স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। তবে স্মারকলিপি জমা দিতে তারা শাহবাগ থেকে প্রধানমন্ত্রী কার্যালয়ের উদ্দেশে রওনা দিলে পুলিশি বাধার মুখে পড়ে।
স্মারকলিপি জমা দেওয়া শেষে প্রতিনিধি দলের সদস্য ও মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি মনীন্দ্র কুমার নাথ প্রথম আলোকে বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমরা স্মারকলিপি ও স্বাক্ষরসংবলিত বই জমা দিয়েছি। তাঁরা সেগুলো গ্রহণ করেছেন।’
এর আগে বেলা সাড়ে তিনটায় রাজধানীর শাহবাগে জমায়েত হয় সংগঠনগুলোর নেতা ও সমর্থকেরা। সে সময় সমাবেশ করেন তাঁরা। সমাবেশে সভাপতিত্ব করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নিম চন্দ্র ভৌমিক।
সমাবেশ থেকে প্রধানমন্ত্রী কার্যালয়ে জমা দেওয়া স্মারকলিপি পড়ে শোনান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আইনজীবী রানা দাশগুপ্ত। তিনি বলেন, ‘সংখ্যালঘুদের জীবনে বিরাজিত বহুমুখী সংকট থেকে উত্তরণে গত নির্বাচনের আগে আপনি (শেখ হাসিনা) নির্বাচনী ইশতেহারে বেশ কয়েকটি অঙ্গীকার করেছিলেন।
আমাদের স্মারকলিপি গ্রহণ করে অবিলম্বে সেই অঙ্গীকারগুলো বাস্তবায়ন করবেন।’
নির্বাচনের অঙ্গীকার অনুযায়ী স্মারকলিপিতে পাঁচটি দাবি জানানো হয়। সেগুলো হলো সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন ও বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়ন, পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন বাস্তবায়ন এবং সমতলের সংখ্যালঘু জাতিসত্তাগুলোর ভূমি রক্ষায় স্বতন্ত্র ভূমি কমিশন গঠন ও রাষ্ট্রীয় প্রজাস্বত্ব আইনের ৯৭ ধারা বাস্তবায়ন, সংখ্যালঘু কমিশন গঠন।
সমাবেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ঊষাতন তালুকদার বলেন, আওয়ামী লীগ গত নির্বাচনের আগে যে কথা দিয়েছিল, তা রাখেনি। আশা করব, তারা আগামী নির্বাচনের আগে তা বাস্তবায়ন করবে।
বেলা সাড়ে তিনটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত সমাবেশ চলে। সমাবেশ শেষে শাহবাগ থেকে প্রধানমন্ত্রী কার্যালয়ের উদ্দেশে পদযাত্রা শুরু করে সংগঠনগুলো। তবে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে শাহবাগ মোড় পর্যন্ত যেতেই পুলিশ ব্যারিকেড দেয়। তারপর আর পদযাত্রা এগোয়নি। সেখান থেকে আট সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী কার্যালয়ের উদ্দেশে রওনা দেয়।
ঐক্য পরিষদের সভাপতি নিম চন্দ্র ভৌমিকের নেতৃত্বে প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন ঐক্য পরিষদের সভাপতি ঊষাতন তালুকদার ও নির্মল রোজারিও, সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য কাজল দেবনাথ, সাধারণ সম্পাদক আইনজীবী রানা দাশগুপ্ত, যুগ্ম সাধারণ সম্পাদক জয়ন্ত দেব, পূজা উদ্যাপন পরিষদের সভাপতি জে এল ভৌতিক ও মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি মনীন্দ্র কুমার নাথ।
পদযাত্রায় বাধা দেওয়ার বিষয়ে শাহবাগ থানার ইন্সপেক্টর অপারেশন শেখ মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, তখন অফিস ছুটির সময়। এই র্যালি গেলে রাস্তায় যানজট তৈরি হতো। এ জন্য তাদের আমরা বাধা দিয়েছি। তারা আমাদের সঙ্গে একমত হয়েছেন। তারপর তাঁদের আট সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী কার্যালয়ে স্মারকলিপি দিতে যান।