কথা রাখলেন চা-বিক্রেতা
কবি সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছিলেন ‘কেউ কথা রাখেনি’। ব্যতিক্রম করে দেখালেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দরিদ্র চা-বিক্রেতা নবী হোসেন (২৬)। উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি-সমর্থিত প্রার্থী জেতায় দুটি গরু জবাই করে তিন হাজার মানুষকে খাওয়ালেন তিনি।
গতকাল শুক্রবার দুপুরে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের মায়াঘাশি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই ভূরিভোজের আয়োজন করা হয়। এতে নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র, স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রায় তিন হাজার মানুষ উপস্থিত ছিলেন।
রামচন্দ্রকুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. ওসমান আলী জানান, আওয়ামী লীগের লোকজন মনে করেন, নালিতাবাড়ী উপজেলা তাঁদের ঘাঁটি। গতবার এখানে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হন। এবার ভোটের আগে বিএনপি-সমর্থক চা-বিক্রেতা নবী হোসেন ঘোষণা দেন ২৩ মার্চের নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি-সমর্থিত প্রার্থী জয়ী হলে দুটি গরু জবাই করে স্থানীয় তিন হাজার মানুষকে খাওয়াবেন। নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে বিএনপি-সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন। কথা রাখতেই সঙ্গতি না থাকা সত্ত্বেও নবী হোসেন এককভাবে ভূরিভোজের আয়োজন করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ভারত সীমান্তবর্তী মায়াঘাশি গ্রামের আবদুর রহিমের ছেলে নবী হোসেনের শুধু পৈতৃক ভিটেবাড়ি ছাড়া আর কোনো জমিজমা নেই। গ্রামের বাজারে তাঁর ছোট্ট একটি চায়ের দোকান আছে। ওই দোকানের আয় দিয়েই চলে দুই মেয়েসহ চার সদস্যের সংসার।
ভূরিভোজে অংশগ্রহণকারী কয়েকজন ব্যক্তি বলেন, এটা এক এলাহী কাণ্ড। স্কুল মাঠজুড়ে বানানো হয় প্যান্ডেল। টানানো হয় মাইক। স্বেচ্ছাশ্রমে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন শতাধিক গ্রামবাসী।
আয়োজক নবী হোসেন বলেন, ‘চায়ের দোকানটাকে বড় করতে ৬০ হাজার টাকা সঞ্চয় করেছিলাম। সেখান থেকে ৫০ হাজার টাকা খরচ করে সবাইকে খাইয়েছি। কথা রাখতে পেরে অনেক আনন্দ লাগছে।’
নবনির্বাচিত চেয়ারম্যান এ কে এম মোখলেছুর রহমান বলেন, ‘আমরা জানি অনেকেই কথা দিয়ে কথা রাখেন না। কিন্তু দরিদ্র নবী হোসেনের বেলায় বিষয়টি ব্যতিক্রম। এলাকাবাসী তাঁর সততার প্রশংসা করেছেন।’