কথা রাখলেন না রাবেয়ার বাবা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবারের অনুরোধে নিজ বাড়িতে গত সোমবার রাতে বিয়ের আসরে বসেছিল নাটোরের বড়াইগ্রাম উপজেলার দক্ষিণ মহিষভাঙ্গা গ্রামের রাবেয়া আক্তার। সে পড়ালেখা করে বনপাড়া সেন্ট যোসেফ উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীতে। বরযাত্রীসহ বরও এসেছিল বিয়ের আসরে। বর পার্শ্ববর্তী গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা গ্রামের আজির উদ্দিনের ছেলে সেনাসদস্য আরিফ হোসেন।স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে রাতেই বিয়ের আসরে হাজির হন বড়াইগ্রাম উপজেলার নির্বাহী কর্মকর্তা মামুনূর রশিদ। তিনি উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে দেন। কনের বাবা সাইফুল ইসলাম মেয়ে সাবালিকা না হলে বিয়ে না দেওয়ার প্রতিশ্রুতি দেন। বরযাত্রীরা খাওয়া-দাওয়া করে ফিরেও যান। তবে গত মঙ্গলবার সকালে উঠে ওই বর-কনেকে নিজ নিজ বাড়িতে পাওয়া যায়নি। মঙ্গলবার সকাল ১০টায় বরের বাড়িতে গিয়ে বাড়ির ফটকে তালা দেখা গেছে। কনের বাড়িতে গিয়ে শুধু তার বাবাকে পাওয়া যায়। মেয়ের খবর জানতে চাইলে সাইফুল ইসলাম বলেন, মেয়ে বেড়াতে গেছে।নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিবেশীরা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা চলে যাওয়ার পর গভীর রাতে ওই ছেলে-মেয়ের বিয়ে সম্পাদন করা হয়। সবার দৃষ্টি এড়াতে তাদের অজ্ঞাত স্থানে সরিয়ে রাখা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনূর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘লোকমুখে আমিও বিয়ের খবর শুনেছি। খোঁজ নিয়ে পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’