কথা রাখলেন মেয়র, সরল বিলবোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালী শহরের টাউন হল মোড়ে স্থাপন করা বিলবোর্ডটি গত রোববার অপসারণ করা হয় l ছবি: প্রথম আলো
নোয়াখালী শহরের টাউন হল মোড়ে স্থাপন করা বিলবোর্ডটি গত রোববার অপসারণ করা হয় l ছবি: প্রথম আলো

কথা রাখলেন নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যা খাঁন। তাঁর নির্দেশে শহরের আবদুল মালেক উকিল সড়কের মধ্যখানে (টাউন হল মোড়) স্থাপন করা বিলবোর্ডটি গত রোববার রাতে অপসারণ করা হয়েছে। গত শুক্রবার রাতে বিলবোর্ডের খুঁটির সঙ্গে একটি মালবাহী ট্রাকের সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর মেয়র বলেছিলেন, বিলবোর্ডের খুঁটিই যদি দুর্ঘটনার কারণ হয়, তাহলে তা সরিয়ে নেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে।

মেয়র সহিদ উল্যা খাঁন গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সড়কের মধ্যে আরও দুটি বড় বিলবোর্ড রয়েছে। সেগুলোও অপসারণ করা হবে। এরই মধ্যে পৌরসভার পক্ষ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞাপনী প্রতিষ্ঠানকে চুক্তি বাতিলের চিঠি দেওয়া হয়েছে।

এদিকে সড়কের মধ্যে স্থাপন করা বিলবোর্ড অপসারণের পর যানবাহনের চালক ও পথচারীরা স্বস্তি প্রকাশ করেছেন। অটোরিকশার চালক জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, বিলবোর্ডটি না থাকায় এখন টাউন হল মোড়ে গাড়ি চলাচলে দুর্ঘটনার ঝুঁকি নেই। তিনি সেখানে একটি ট্রাফিক আইল্যান্ড স্থাপনের দাবি জানান।

নোয়াখালী সরকারি কলেজের ছাত্র আরমান হোসেন বলেন, টাউন হল মোড়কে নোয়াখালী শহরের প্রাণকেন্দ্র বলা চলে। এখানে একটি ট্রাফিক আইল্যান্ড থাকা দরকার। সেখানে ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করলে যানবাহন চলাচলে শৃঙ্খলা থাকবে।

জানতে চাইলে নোয়াখালী ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, টাউন হলের মোড়সহ গুরুত্বপূর্ণ কিছু স্থানে ট্রাফিক পুলিশ রাস্তার ওপর দাঁড়িয়ে যাতে দায়িত্ব পালন করতে পারে, সে ধরনের স্থায়ী একটা ব্যবস্থা করতে তিনি পৌর মেয়রকে অনুরোধ জানিয়েছেন। সেটি বাস্তবায়িত হলে যানবাহন চলাচলে যেমন শৃঙ্খলা আসবে, তেমনি পথচারীরাও নিরাপদে চলাচল করতে পারবে।

প্রায় তিন বছর আগে শহরের টাউন হল মোড়, মোহাম্মদীয়া মোড় ও জামে মসজিদ মোড়ে তিনটি বিশাল আকৃতির বিলবোর্ড স্থাপন করা হয়।