কথা রাখেনি প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তিন মাসের মধ্যে নতুন হল নির্মাণ এবং ক্যাম্পাসের ভেতর থেকে বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখা স্থানান্তরের ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু প্রতিশ্রুতির ছয় মাস পরও তার কিছুই বাস্তবায়িত হয়নি।
বেদখলে থাকা হাবিবুর রহমান হলটি উদ্ধার করা হয়েছিল দুই বছর আগে। কিন্তু স্থানীয়দের বাধার কারণে ভবন নির্মাণ করতে পারছে না প্রশাসন। আর বাণী ভবন নামে আরেকটি হলের একাংশ এখনো দখলে রেখেছেন স্থানীয় কয়েকজন ব্যবসায়ী। এ কারণে হল নির্মাণ করা সম্ভব হচ্ছে না।
গত ২০ এপ্রিল নতুন হল নির্মাণ, বাংলাদেশ ব্যাংকের শাখা স্থানান্তর, বেদখল থাকা আরও ১০ হল উদ্ধার, পরিবহনসংকট নিরসন ও ক্যানটিনে ভর্তুকি দেওয়ার দাবিতে টানা ছয় দিন আন্দোলন করেছিলেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসের প্রধান ফটকে তালা ও সদরঘাট-গুলিস্তান সড়ক টানা চার দিন অবরোধ করেছিলেন তাঁরা। ২১ এপ্রিল আন্দোলন থামাতে ঢাকা-মাওয়া সড়কের পাশে (নতুন হলের জন্য) জমি চেয়ে পত্রিকায় বিজ্ঞাপন দেয় প্রশাসন। পরে ২৬ এপ্রিল উপাচার্য তিন মাসের মধ্যে নতুন হলের নির্মাণকাজ শুরু এবং বাংলাদেশ ব্যাংকের শাখাটি স্থানান্তরের ঘোষণা দিলে আন্দোলন বন্ধ করেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, মূলত শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ করতেই এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন উপাচার্য।
রেজিস্ট্রার ওহিদুজ্জামান বলেন, গত ১৯ আগস্ট ঢাকা-মাওয়া সড়কের পাশে হল নির্মাণে জমি কিনতে শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। অনুমতি পেলেই বাকি কাজ শুরু করা হবে। কিন্তু কবে নাগাদ তা শুরু হবে, সে বিষয়ে কিছুই জানেন না তিনি।
১০টি হল উদ্ধারে গতি নেই: বিশ্ববিদ্যালয়ের বেদখল থাকা ১০টি হলের জমি উদ্ধারে বিভিন্ন মন্ত্রণালয়ে চলছে শুধু চিঠি চালাচালি। কিন্তু অধিকাংশ হলের জমির কাগজপত্র কর্তৃপক্ষের কাছে নেই।
খোঁজ নিয়ে জানা যায়, বেদখল থাকা আবদুর রহমান হল, শহীদ আনোয়ার শফিক, সাইদুর রহমান ও আবদুর রউফ মজুমদার হল এবং শহীদ নজরুল ইসলাম হল অধিগ্রহণের অনুমতি চেয়ে ২০১১ সালের ডিসেম্বরে শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করেছে প্রশাসন। একই সঙ্গে রাজউক ও নগর উন্নয়ন কর্তৃপক্ষের কাছেও অনাপত্তিপত্রের জন্য আবেদন করা হয়েছে। কিন্তু এখনো মন্ত্রণালয় থেকে ফলাফল পায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
২১ হাজার শিক্ষার্থী, দ্বিতল বাস ১২টি: বিশ্ববিদ্যালয়ের প্রায় ২১ হাজার শিক্ষার্থীকে পরিবহনসুবিধা দিতে বিআরটিসির মাত্র ১২টি দ্বিতল ও পাঁচটি একতলা বাস রয়েছে। এই বাসগুলোর মোট আসনসংখ্যা মাত্র সাড়ে নয় শ। এগুলোতে ঝুঁকি নিয়ে প্রতিদিন ধারণক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি শিক্ষার্থী যাতায়াত করছেন।
কয়েকজন শিক্ষার্থী জানান, পরিবহনের জন্য বছরে প্রত্যেক শিক্ষার্থীকে চার শ টাকা ফি দিতে হয়। কিন্তু অধিকাংশ শিক্ষার্থী পাবলিক বাসে যাতায়াত করেন। বিশ্ববিদ্যালয়ের বাসে যেতে চাইলে সময়ের অপচয়ের সঙ্গে হয়রানির শিকার হতে হয়।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ফাতেমা আক্তার অভিযোগ করে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বাসে উঠতে হলে রীতিমতো যুদ্ধ করতে হয়। কোনোরকমে দাঁড়ানোর সুযোগ পেলেও প্রচণ্ড গরমে সিদ্ধ হতে হয়। সবচেয়ে বেশি সমস্যায় পড়েন ছাত্রীরা।’
ক্যানটিনে শুধুই খিচুড়ি: বিশ্ববিদ্যালয়ের একমাত্র ক্যানটিনটি বেহাল। বসার জন্য নেই পর্যাপ্ত চেয়ার-টেবিল। এক বছর ধরে খাবারের তালিকায় রয়েছে শুধু ডিম-খিচুড়ি। প্রতি প্লেট ৩০ টাকা।
উপাচার্য বলেন: উপাচার্য মীজানুর রহমান শিক্ষার্থীদের সব ধরনের দুর্ভোগের কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীদের নতুন হল নির্মাণে ঢাকা-মাওয়া সড়কে জমি কেনার অনুমতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। আর বাংলাদেশ ব্যাংকের শর্ত অনুযায়ী ক্যাম্পাস থেকে ব্যাংকের শাখাটি স্থানান্তর সম্ভব নয়। কারণ, সদরঘাট এলাকায় সমপরিমাণ জমি চেয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। হল উদ্ধার বিষয়ে তিনি বলেন, বেদখল থাকা কয়েকটি হলের কাগজপত্র প্রশাসনের কাছে নেই। যেগুলো আছে তা উদ্ধারের কাজ চলছে। আর বাংলাবাজারের একটি জমিতে হল নির্মাণ চূড়ান্ত হয়েছে। চলতি মাসেই দরপত্র আহ্বান করা হবে।