কথা রাখেনি সরকার: সন্তু লারমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর একটি হোটেলে গতকাল পার্বত্য চুক্তির ১৭তম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির চেয়ারম্যান সন্তু লারমা l ছবি: প্রথম আলো
রাজধানীর একটি হোটেলে গতকাল পার্বত্য চুক্তির ১৭তম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির চেয়ারম্যান সন্তু লারমা l ছবি: প্রথম আলো

১৭ বছর আগে সরকারের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম চুক্তি করেছিলেন তিনি। পাহাড়ে দুই দশকের সশস্ত্র লড়াই বন্ধ হয়েছিল তাতে। চুক্তির ১৭ বছর পূর্তির দিন চুক্তি সম্পাদনকারী পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু লারমা) অভিযোগ করলেন, ‘সরকার চুক্তির মধ্য দিয়ে আসলে পাহাড়িদের সঙ্গে প্রতারণা করেছে। কথা দিয়ে কথা রাখেনি সরকার।’
গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে জেএসএস আয়োজিত আলোচনা সভায় এই অভিযোগ করেন সন্তু লারমা। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর চুক্তি সম্পাদনের সময় ক্ষমতায় ছিল বর্তমানের আওয়ামী লীগ সরকার। এখন বর্তমান সরকারের আচরণে তিনি যে বেশ ক্ষুব্ধ, সন্তু লারমার বক্তব্যে তা স্পষ্ট। বললেন, পাহাড়ি জনগণের হাতের অস্ত্রগুলো কেড়ে নেওয়াই ছিল চুক্তির উদ্দেশ্য। চুক্তির বেশির ভাগই বাস্তবায়ন করা হয়েছে বলে সরকার যে কথা বলছে, তা নির্জলা মিথ্যাচার।
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমা বলেন, সরকার চুক্তির মৌলিক বিষয়গুলো বাস্তবায়ন তো করেনি, বরং পাহাড়ে সামরিকীকরণ চলছে, ইসলামীকরণ করার ষড়যন্ত্র চলছে।
পার্বত্য চট্টগ্রাম চুক্তির বাস্তবায়ন নিয়ে ক্ষোভ বা হতাশা এর আগেও প্রকাশ করেছেন সন্তু লারমা। তবে এবারই প্রথম এই চুক্তির বাস্তবায়ন নিয়ে সরকারকে আগামী বছরের ৩০ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দেন তিনি। গত ২৯ নভেম্বর জেএসএস আয়োজিত এক সংবাদ সম্মেলনে সময় বেঁধে দিয়ে তিনি বলেন, এর মধ্যে চুক্তি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ না নেওয়া হলে ১ মে থেকে অসহযোগ আন্দোলন শুরু হবে। গতকালের আলোচনা সভায় সে বিষয়টি উল্লেখ করে সাবেক এই গেরিলা নেতা বললেন, ‘অসহযোগের ডাক কেবল কথার কথা নয়। এর বাস্তব প্রতিফলন ঘটবে।’
গতকাল পার্বত্য চট্টগ্রাম চুক্তির বার্ষিকী উপলক্ষে বিভিন্ন জাতীয় দৈনিকে সরকারের পক্ষ থেকে ক্রোড়পত্র প্রকাশ করা হয়। সে প্রসঙ্গে আলোচনা সভায় ঐক্য ন্যাপের সভাপতি পংকজ ভট্টাচার্য বলেন, এটি হলো প্রতারণার ক্রোড়পত্র।
পার্বত্য চুক্তি বাস্তবায়ন সরকারের রাজনৈতিক ও সাংবিধানিক দায়িত্ব—এই মন্তব্য করে কলাম লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ অসহযোগ আন্দোলনের জন্য বেঁধে দেওয়া সময়সীমার আগেই জাতীয় সংসদের সদস্যদের পাহাড়ে গিয়ে বিশেষ অধিবেশন বা ওই অঞ্চলে সফরের আহ্বান জানান।
আলোচনায় আরও বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপদেষ্টা মনজুরুল আহসান খান, রাঙামাটির সাংসদ ঊষাতন তালুকদার, পার্বত্য চট্টগ্রাম কমিশনের সদস্য সারা হোসেন প্রমুখ।