কথা রেখেছে নাজমিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের মাদ্রাসাসংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাজমিন আক্তার (১১) তার কথা রেখেছে। এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষায় জিপিএ-৪ দশমিক ৫০ পেয়েছে সে। জন্মগতভাবেই দুর্বল হাতের জন্য পা দিয়ে লিখে ২০১৩ সালের পিএসসি পরীক্ষায় অংশ নেয়।
মেয়েটির পরিবার জানায়, এই ফলাফলে তারা সবাই খুশি। জন্ম থেকেই নাজমিনের দুটি হাত অকেজো। অভাব-অনটনের সংসারে খাবার জোগানো যেখানে কষ্টকর, সেখানে মেয়েটির লেখাপড়া করতে চাওয়াটা ছিল তাদের কাছে স্বপ্নের মতো। কিন্তু মেয়ের আগ্রহের কাছে হার মানতে হয়েছে সবাইকে। হাত না থাকুক, পা দিয়ে লিখেই সব ভাবনা ও বাধাকে অতিক্রম করে পিএসসি পরীক্ষায় অংশ নেয় সে।
নাজমিন বজরা ইউনিয়নের বজরা গ্রামের দিনমজুর নুরন্নবী মিয়ার মেয়ে। গত ২২ নভেম্বর ‘এগিয়ে চলেছে ওরা’ শিরোনামে প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার সেলিনা পারভীন বলেন, ‘অদম্য মনোবল নিয়ে নাজমিন লেখাপড়া করেছে। এখন পর্যন্ত কোনো শ্রেণীতে সে অকৃতকার্য হয়নি। পিএসসিও সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হলো সে।
নাজমিন বলে, ‘আমি বাবা-মায়ের ধারণা ভুল প্রমাণ করেছি। ইচ্ছা থাকলে প্রতিবন্ধীরাও যে অনেক কিছু করতে পারে তা প্রমাণ করেছি। আমি আরও পড়তে চাই। উচ্চশিক্ষা নিয়ে আমি যেন মা-বাবার কষ্ট দূর করতে পারি সেই দোয়া করবেন।’
বাবা নুরন্নবী মিয়া বলেন, ‘ছাওয়াডার শরিলের সমস্যা। মুই ওইয়াক পড়বারই চাওনাই। কিন্তু ওয় পড়বার চায়। সে হামার ভুল ভাঙায়ছে। ভালো পাস দিছে। ’