কথা শেষে পকেটে মোবাইলে রাখতে গিয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেলচালকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঙ্গে হেলমেট থাকলেও মাথায় পরা ছিল না। মোবাইলে কথা বলতে বলতে চালক মোটরসাইকেল চালাচ্ছিলেন। কথা শেষে প্যান্টের পকেটে মোবাইল রাখতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান মোটরসাইকেলের চালক রায়হান কবির (২৫)।

আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর-মোস্তাফিরহাট আঞ্চলিক মহাসড়কের মণ্ডলেরহাট রেলক্রসিং মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

রায়হান কবির রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার এমাদপুর ইউনিয়নের মুহুরিপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি সুপার স্টার কোম্পানির লালমনিরহাট জেলার মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন। রায়হান কবিরের তিন বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে।

দুর্ঘটনার পর লালমনিরহাট সদর থানার পুলিশ ঘটনাস্থল থেকে রায়হান কবিরের লাশ উদ্ধার করে থানায় নেয়। সংবাদ পেয়ে রায়হান কবিরের পরিবারের সদস্যসহ সুপার স্টার কোম্পানির রংপুর বিভাগীয় কর্মকর্তাসহ অন্যান্যরা সদর থানায় ছুটে আসেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বলেন, চলন্ত মোটরসাইকেলের হ্যান্ডেল ডান হাতে আর বাম হাতে মোবাইলে কথা বলতে বলতে লালমনিরহাটের দিকে যাচ্ছিলেন রায়হান কবির। কথা শেষে প্যান্টের পকেটে মোবাইল রাখতে গিয়ে সেনাবাহিনীর ডেইরি ফার্মের গাড়ির পেছনের চাকায় ধাক্কা লেগে রায়হান কবির ছিটকে পাকা রাস্তায় পড়ে ঘটনাস্থলেই নিহত হন। তিনি বলেন, সুপার স্টার কোম্পানির লোকজন ও লালমনিরহাট মিলিটারি ফার্মের দুগ্ধ প্রকল্পের কর্মকর্তাদের উপস্থিতিতে রায়হান কবিরের পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।