উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার নেতা অনুপ চেটিয়ার প্রত্যাবর্তনের বিষয়টি বাংলাদেশের কাছে ভারত নতুন করে তুলতে চলেছে। ভারতের স্বরাষ্ট্রসচিব অনিল গোস্বামীর আসন্ন ঢাকা সফরে বিষয়টি উত্থাপন করা হবে। স্বরাষ্ট্রসচিব ২ সেপ্টেম্বর দুই দিনের সফরে ঢাকায় যাচ্ছেন। দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে ওই সফরে কথা হবে।
এই সফরের পরেই অনুপ চেটিয়াকে ভারতে নিয়ে আসা সম্ভব হবে কি না, সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিতভাবে কিছু বলতে পারেনি। মন্ত্রণালয়ের এক সূত্র গতকাল শুক্রবার জানায়, অনুপ চেটিয়া অনেক দিন আগেই ভারতে আসার ইচ্ছা প্রকাশ করেছেন। বাংলাদেশ কর্তৃপক্ষও তাঁকে ভারতের হাতে তুলে দিতে নীতিগতভাবে রাজি। বন্দী প্রত্যর্পণ চুক্তিও দুই দেশের মধ্যে রয়েছে। আইনগত কিছু বিষয়ের সুরাহা হলেই সেই হস্তান্তর সম্ভব হবে বলে সূত্রটি জানান। সূত্রটি জানায়, এই সফরে বিষয়টি ভারত তুলতে পারে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিন গতকাল বলেন, দুই দেশের স্বরাষ্ট্রসচিব স্তরে বিষয়টি বিবেচিত হচ্ছে।
প্রসঙ্গত, অনুপ চেটিয়াকে ভারতের হাতে তুলে দেওয়ার বিষয়টি অনেক দিন ধরেই বিবেচনাধীন। তাঁর প্রত্যাবর্তনে দুই দেশের সম্পর্ক যেমন আরও জোরদার হবে, তেমনি আলফা নেতাদের সঙ্গে ভারতের যে শান্তি-আলোচনা চলছে, তা-ও গতি পাবে বলে পর্যবেক্ষকদের ধারণা।
ভি কে সিং আজ আসছেন: দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় উন্নয়নমন্ত্রী সাবেক সেনাপ্রধান ভি কে সিং আজ শনিবার ঢাকায় আসছেন। মন্ত্রী হিসেবে এটাই তাঁর প্রথম বাংলাদেশ সফর।
অনুপ চেটিয়ার সঙ্গে ভারতীয় হাইকমিশনের কর্মকর্তার সাক্ষাৎ: গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী অনুপ চেটিয়ার সঙ্গে গত বৃহস্পতিবার সকালে ঢাকার ভারতীয় হাইকমিশনের কনস্যুলার জে পি সিং দেখা করতে যান। এ সময় অনুপ চেটিয়া ভারতে ফিরে যাওয়ার আগ্রহের কথা জানান। কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার জান্নাতুল ফরহাদ এ কথা নিশ্চিত করেন।
কারা কর্তৃপক্ষ সূত্র জানায়, জে পি সিংয়ের সঙ্গে ভারতীয় হাইকমিশনের দোভাষী দীপক দেবনাথ ছিলেন। তাঁরা কারা তত্ত্বাবধায়ক মিজানুর রহমানের উপস্থিতিতে অনুপ চেটিয়ার সঙ্গে প্রায় পৌনে এক ঘণ্টা কথা বলেন।
ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) শীর্ষ নেতা অনুপ চেটিয়াকে ১৯৯৭ সালের ২১ ডিসেম্বর ঢাকার মোহাম্মদপুরের একটি বাসা থেকে আটক করে পুলিশ। এরপর তাঁর বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে অবস্থান, অবৈধভাবে বিদেশি মুদ্রা ও একটি স্যাটেলাইট ফোন রাখার অভিযোগে তিনটি মামলা হয়। পরে তিনটি মামলায় তাঁকে যথাক্রমে তিন, চার ও সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন বাংলাদেশের আদালত। ২০০৭ সালের ২৫ ফেব্রুয়ারি তাঁর সাজার মেয়াদ শেষ হয়। এর পর থেকে তিনি ‘মুক্তিপ্রাপ্ত বন্দী’ হিসেবে কারাগারে আছেন।