কথামালায় গোলাম মুস্তাফাকে স্মরণ
গোলাম মুস্তাফা। কতভাবেই যে অভিহিত করা যায় গুণী এই শিল্পীকে। তাঁর নামের শুরুতে কোন বিশেষণটা জুতসই হবে, তা নিয়ে যে রীতিমতো দ্বিধায় পড়তে হয়। তাই তাঁর কাজ আর ব্যক্তিজীবন নিয়ে গল্প শোনার শেষ নেই। অনেক মজার মানুষ ছিলেন তিনি। তাঁকে কেন্দ্র করে ঘটনাগুলো শোনার পর মনে হবে, আরও কত গল্প যে শোনার বাকি রয়ে গেল! গোলাম মুস্তাফাকে নিয়ে ঘটনাগুলো যাঁরা বললেন, তা গল্পের ঢঙেই। প্রতিটি ঘটনাই আলাদা আলাদা গল্প। কেউ বন্ধু গোলাম মুস্তাফার সঙ্গে আড্ডার কথা বললেন, কেউ শোনালেন তাঁর সঙ্গে কাজের মুহূর্তগুলো। আবার মেয়ে সুবর্ণা শুধু বাবার কথাই বললেন না, শোনালেন মানুষ গোলাম মুস্তাফার বৈশিষ্ট্য। মন্ত্রমুগ্ধ হয়েই শ্রোতারা শুনল সেই গল্পগুলো। সুবর্ণা ছাড়াও স্মৃতিচারণা করেন সৈয়দ হাসান ইমাম ও আমিরুল হক চৌধুরী।বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ গতকাল বিকেলে মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজন করেছিল একুশের প্রথম প্রহর উদ্যাপন ও গোলাম মুস্তাফা স্মরণে অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন সাংসদ ও সংস্কৃতিকর্মী আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ আহকামউল্লা। এর পরই শুরু হয় শিল্পী গোলাম মুস্তাফাকে নিয়ে স্মৃতিচারণা।শুধুই যে স্মৃতিচারণা, তা নয়। গোলাম মুস্তাফাকে শ্রদ্ধা জানিয়ে আবৃত্তি করেন তাঁরই স্নেহধন্য বরেণ্য চার আবৃত্তিকার। স্মৃতিচারণার মতোই আশরাফুল আলম, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, কাজী আরিফ ও ডালিয়া আহমেদের আবৃত্তি শ্রোতাদের মোহাবিষ্ট করে রেখেছিল। তাঁদের পরিবেশনার পরই শুরু হয় একুশের প্রথম প্রহরের অনুষ্ঠান। এ অনুষ্ঠানের অন্যতম আর্কষণ ছিল আবৃত্তি সংগঠন চারুকণ্ঠ আবৃত্তি সংসদ, কথা আবৃত্তিচর্চা কেন্দ্র, স্বরকল্পন আবৃত্তি চক্র, সংবৃতা ও স্বরশ্রুতির পরিবেশনা।পতাকা আর বর্ণমালার বর্ণিল শোভাযাত্রাএকটি-দুটি নয়, সংস্কৃতিকর্মীদের হাতে শোভা পাচ্ছিল ৯০টি দেশের জাতীয় পতাকা। ফাগুনের আগুন ঝরা বাতাসে পতপত উড়ছিল পতাকাগুলো। অনেকের হাতে ছিল বিভিন্ন দেশের বর্ণমালার ফেস্টুন। ৩০টি দেশের বর্ণমালার ফেস্টুন আর রং-বেরঙের পতাকা নিয়ে যখন শোভাযাত্রাটি বের হলো, রাস্তার দুই ধারের মানুষ স্বাগত জানাল বর্ণিল শোভাযাত্রাকে।একুশে উদ্যাপনের অংশ হিসেবে সংস্কৃতিকর্মীরা প্রতিবছরের মতো এবারও শোভাযাত্রার আয়োজন করেন। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনের সামনে থেকে শুরু হয় শোভাযাত্রা। শোভাযাত্রার উদ্বোধন করেন নৃত্যশিল্পী ও বাংলাদেশ সাংস্কৃতিক কর্মিসংঘের সভাপতি রাহিজা খানম ঝুনু। টিএসসি থেকে শোভাযাত্রা বের হয়ে দোয়েল চত্বর ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে শেষ হয়। এখানে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে ভাষাশহীদদের শ্রদ্ধা জানানো হয়। এরপর শহীদ মিনারের বেদিতে দেওয়া হয় পুষ্পার্ঘ্য। পরে সমাপনী ভাষণে সাংস্কৃতিক কর্মিসংঘের সাধারণ সম্পাদক খন্দকার শাহ্ আলম বলেন, ‘দীর্ঘদিন পর হলেও সরকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কাজ শুরু করতে যাচ্ছে। এ জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই। সেই সঙ্গে দেশের আদালত থেকে শুরু করে বেসরকারি স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলা ভাষার ব্যবহার বাড়াতে হবে।’খুদে শিল্পীদের চিত্রে ২১ ফেব্রুয়ারি৫ থেকে ১৫ বছর বয়সের ছেলেমেয়েরা জড় হয়েছে। রং, তুলি, পেনসিল, ছবি আঁকার নানা সরঞ্জাম নিয়ে তারা হাজির শিশু একাডেমীতে। আর তাদের দেখে যথেষ্ট আবেগে আপ্লুত ভাষাসৈনিক আবদুল মতিন। খুদে শিল্পীরা ছবি আঁকবে। আর খুদে আঁকিয়েদের প্রতিযোগিতার উদ্বোধন করতে প্রধান অতিথি ছিলেন জীবন্ত এ কিংবদন্তি। তিনি বলেন, ‘শিশুদের ছবি আঁকার মধ্যে যে উত্সাহ দেখা গেল, তা আমাকে মুগ্ধ করেছে। এই শিশুদের প্রতিভা বিকাশে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসতে হবে।’ বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদ শিশু একাডেমীতে সকালে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। মোট ২৫০ জন খুদে চিত্রশিল্পী এতে অংশ নেয়। পরে বিকেলে ২০ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ার উল্লাহ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ ও লন্ডন দিশারী শিল্পগোষ্ঠীর সভাপতি এস কে সাদেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শিল্পী আবদুল জব্বার।পিপলস ফোরামের আলোচনাসালাম, বরকত, জব্বার, রফিকের রক্তে অর্জিত বাংলা ভাষা আজ আন্তর্জাতিক মাতৃভাষা। সারা বিশ্ব ২১ ফেব্রুয়ারি বাংলাকে জানবে, ভাষাসংগ্রামের ইতিহাসকে আরও ছড়িয়ে দিতে হবে।বাংলাদেশ, ভারত ও পাকিস্তান পিপলস ফোরামের এক আলোচনা সভায় বক্তারা এ অভিমত দেন। দুই দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন গতকাল শনিবার বেলা তিনটায় আলোচনা সভা অনুষ্ঠিত হয় ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু। এ ছাড়া ত্রিদেশীয় কমিটির সভাপতি দেবব্রত বিশ্বাস ও মহাসচিব মইনুদ্দিন খান বাদল বক্তব্য দেন। সভাপতিত্ব করেন সৈয়দ জাফর সাজ্জাদ।রবীন্দ্রসরোবর মঞ্চে সাংস্কৃতিক জোটের অনুষ্ঠানএকুশে ফেব্রুয়ারি উদ্যাপন উপলক্ষে ধানমন্ডির রবীন্দ্রসরোবর মঞ্চে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার গতকাল ছিল দ্বিতীয় দিন। এ অনুষ্ঠানে দলীয় নৃত্য পরিবেশন করে সিলভারডেল সংগীত একাডেমির শিক্ষার্থীরা। দলীয় সংগীত পরিবেশন করে ঋষিজ শিল্পীগোষ্ঠী ও বহ্নিশিখা। একক সংগীত পরিবেশন করেন মাহবুবুল হায়দার মোহন, সমর বড়ুয়া, শামা রহমান, বিমান চন্দ্র বিশ্বাস ও শেখ নাসরিন কাদের। মুক্তধারা আবৃত্তিচর্চা কেন্দ্রের সদস্যরা আবৃত্তি পরিবেশন করেন। পথনাটক মঞ্চস্থ করে নাট্যধারা।