কথার লড়াই
শ্রমমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সভাপতির কথার লড়াই হয়ে গেল গত শুক্রবার ফরিদপুরে আবাহনী ক্রীড়া চক্রের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে। বিষয়টি উপস্থিত শ্রোতারা দারুণ উপভোগ করেন এবং করতালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দিতে গিয়ে এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ বলেন, ‘গত নির্বাচনের সময় আমরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে সবাইকে আশ্বাস দিয়ে বলেছিলাম, আপনারা মোশাররফ ভাইকে ভোট দিন। মোশাররফ ভাইকে ভোট দিলে পদ্মা সেতু হবে। পদ্মা সেতু হলে এ এলাকায় গ্যাস আসবে, গ্যাস এলে শিল্পকারখানা হবে। সেখানে আপনাদের ও সন্তানদের চাকরি হবে। আজ যদি পদ্মা সেতু না হয়, তাহলে আগামী নির্বাচনে আমরা কোন মুখ নিয়ে জনগণের সামনে দাঁড়াব। তাদের কোন নতুন কথা শুনিয়ে ভোট চাইব?’প্রধান অতিথির বক্তব্যে শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ জবাব দিয়ে বলেন, ‘আপনারা বিদেশে অনেক ইনভেস্ট করেছেন। সেগুলো দেশের জনগণের কোনো কাজে আসছে না। আপনারা সেগুলো এলাকায় নিয়ে আসুন। এ অঞ্চলে ব্যাপক হারে শিল্পকারখানা গড়ে তুলুন। সেখানে লোকদের চাকরি দিন। আপনাদের সম্পদের নিরাপত্তা আমি নিশ্চিত করব।’জেলা আবাহনী ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অপর বিশেষ অতিথির বক্তব্য দেন আবাহনী লিমিটেডের চেয়ারম্যান সালমান এফ রহমান। এর আগে প্রধান অতিথি ফরিদপুর পৌরসভার পাশে অবস্থিত জেলা আবাহনী ক্লাবের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন শ্রমমন্ত্রী।