কথাসাহিত্যিক নয়ন রহমান আর নেই
কথাসহিত্যিক নয়ন রহমানের দাফন সম্পন্ন হয়েছে গতকাল সোমবার। বার্ধক্যজনিত রোগে গত ২১ ডিসেম্বর রাতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল সোমবার বাংলা একাডেমির জীবনসদস্য নয়ন রহমানের মরদেহ একাডেমিতে আনা হয় শ্রদ্ধা নিবেদনের জন্য। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী গোরস্থানে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
নয়ন রহমানের জন্ম ১৯৪০ সালে পটুয়াখালীর লোহারিয়ায়। তিনি দীর্ঘদিন পুরানা পল্টন গার্লস কলেজে অধ্যাপনা করেছেন। বাংলাদেশ লেখিকা সংঘের সম্পাদক ও সভানেত্রীর দায়িত্ব পালন করেছেন। তাঁর গল্প ও উপন্যাসের মধ্যে রয়েছে সুবাস নির্বাসিত, মধ্যরাতের জ্যোৎস্না, অন্য রকম যুদ্ধ, সূর্য করতলে। সাহিত্যচর্চায় অবদানের স্বীকৃতি হিসেবে অশ্বিনীকুমার দত্ত স্বর্ণপদক, জসীমউদ্দীন সাহিত্য পদকসহ বিভিন্ন পদক পেয়েছেন।