কথাসাহিত্যিক শওকত ওসমানের ৯৯তম জন্মবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কথাসাহিত্যিক শওকত ওসমানের ৯৯তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য দেন প্রিমিয়াম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন
কথাসাহিত্যিক শওকত ওসমানের ৯৯তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য দেন প্রিমিয়াম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন

শওকত ওসমান ছিলেন একজন কালজয়ী লেখক। সমকালীন সমাজের অন্যায়-অত্যাচার, হিন্দু-মুসলিম দাঙ্গা, প্রান্তিক মানুষের অভাব-অনটন, মুক্তিযুদ্ধ প্রভৃতি নানা প্রসঙ্গ উঠে এসেছে তাঁর লেখায়। তিনি জীবনে কখনো অন্যায়কে প্রশ্রয় দেননি, মাথা নত করেননি কোনো ব্যক্তি বিশেষের কাছে। কথাসাহিত্যিক শওকত ওসমানের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সভায় বক্তারা এ কথা বলেন।
গত রোববার নগরের টিআইসি মিলনায়তনে এ উপলক্ষে কথাশিল্পী শওকত ওসমান স্মৃতি পরিষদ অনুপম সেনের সভাপতিত্বে এ সভায় বক্তব্য দেন কবি ও সাংবাদিক আবুল মোমেন, অধ্যাপক শিরিণ আক্তার, প্রাবন্ধিক আহমেদ মাওলা এবং চৌধুরী শাহজাহান।
শওকত ওসমানের জীবন সম্পর্কে বলতে গিয়ে আবুল মোমেন বলেন, ’অনেকেই বলেন তিনি দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ করে জীবনযাপন করেছেন। কিন্তু দারিদ্র্য তাঁর কাছে ছিল তুচ্ছ। তিনি দারিদ্র্যের মাঝে বাস করেননি। তিনি সত্যের সঙ্গে বাস করেছেন।’ সভাপতি অনুপম সেন বলেন, ‘শওকত ওসমান অন্যায়ের প্রতিবাদী ছিলেন। তিনি সামরিক শাসনকে এতটাই অপছন্দ করতেন যে তাদের অধীনে অধ্যাপক পদে আবেদনই করেননি। তাই আমি শুনে আশ্চর্য যে আমি যে সময়ে অধ্যাপক হই সে সময়ে তিনিও অধ্যাপক হন। অথচ আমি তার ছাত্র ছিলাম।’
আলোচনা সভার শুরুতে শওকত ওসমানের জীবন ও সাহিত্যকর্মের ওপর মূল প্রবন্ধ পাঠ করেন আহমেদ মাওলা। বিজ্ঞপ্তি।