কথায় কথায় গাড়ি ভাঙচুর কাম্য নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথায় কথায় রাস্তায় নির্বিচারে গাড়ি ভাঙচুর ও উচ্ছৃঙ্খল আচরণ থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কোনো কিছু হলেই রাস্তায় নেমে ভাঙচুর ও উচ্ছৃঙ্খল আচরণ কারোর কাম্য হতে পারে না। সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।ঐতিহাসিক সাতই মার্চ উপলক্ষে গতকাল সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী রোববার রাতে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রেদোয়ানের রুহের মাগফেরাত ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।বিশ্বকাপ ক্রিকেট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, খেলায় হার-জিত থাকবে। জিতলে ফুলের মালা আর হারলে ঢিল নিক্ষেপ, এ রকম আচরণ দুঃখজনক। উচ্ছৃঙ্খল আচরণের কারণে অনেক দেশ বিশ্বকাপের ভেন্যু পায়নি। তাই সবাইকে খেলোয়াড়সুলভ মনোভাব নিয়ে ক্রিকেট খেলা দেখতে হবে। দেশের মর্যাদা ও সম্মান সবাইকে রক্ষা করতে হবে। ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলা আওয়ামী লীগের রাজনীতি বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের দরিদ্র মানুষকে গিনিপিগের মতো ব্যবহার করে অনেকে বিশাল সম্পদের মালিক হয়েছেন। দরিদ্র মানুষকে দেখিয়ে আঙুল ফুলে কলাগাছ বনে গেছেন। নিজেদের ভাগ্য গড়েছেন। আর দরিদ্র মানুষ দরিদ্রই থেকে যায়। তাদের ভাগ্যের কোনোই পরিবর্তন হয় না।’ড. ইউনূসের সমালোচনা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এক-এগারোর পটপরিবর্তনের পর ড. ইউনূসের ভূমিকার সমালোচনা করে বলেন, ওই সময় ড. ইউনূস একটি রাজনৈতিক দল গঠন করার উদ্যোগ নেন। তিনি জাতীয় পত্রিকার একজন সম্পাদককে ৮০ জনের একটি নামের তালিকা দিয়ে তাঁদের তাঁর দলে যোগদানে রাজি করানোর দায়িত্ব দেন। এরপর ড. ইউনূস বিদেশে চলে যান। কিন্তু ওই ৮০ জনের মধ্যে মাত্র একজন ড. ইউনূসের দলে যোগ দিতে রাজি হয়েছিলেন। ফলে দেশে ফিরে ড. ইউনূস নতুন দল গঠনের প্রক্রিয়া থেকে সরে যেতে বাধ্য হন। তিনি বলেন, ‘ওই ৮০ জনের নামের তালিকা আমাদের কাছে আছে। উনি যে দল গঠন করতে চেয়েছিলেন, সে দলের সাধারণ সম্পাদক হওয়ার কথা ছিল ওই সম্পাদকের।’সৈয়দ আশরাফ বলেন, ‘ইউনূস প্রসঙ্গ নিয়ে যুক্তিহীনভাবে আমাদের ওপর আক্রমণ করা হচ্ছে। আমরাও জবাব দিতে পারি। তবে সময়মতো অবশ্যই দেব।’ সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, মহীউদ্দীন খান আলমগীর, মাহবুব-উল-আলম হানিফ প্রমুখ।