কথায় কথায় ধর্মঘট ডাকবেন না: স্বাস্থ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ নাসিম
মোহাম্মদ নাসিম

চিকিত্সকদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘কথায় কথায় ধর্মঘট ডাকবেন না। ধর্মঘট ডাকলে একজন রোগী মারা গেলে দায়িত্ব নেবে কে?’
আজ শনিবার দুপুর ১২টার দিকে  রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মিলনায়তনে চিকিত্সক, কর্মচারী ও হাসপাতাল পরিচালনা কমিটির সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী। সেখানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সত্যিকার অর্থে যদি আপনি একজন চিকিত্সক হন, তাহলে ধর্মঘট করবেন না। রোগীদের উদ্দেশে তিনি বলেন,  চিকিত্সকেরও ভুল হতে পারে। তাই বলে রোগীরা তাঁদের আঘাত করবে, এটা ঠিক না।
মতবিনিময় সভায় হাসপাতালের উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘হাসপাতালের উন্নয়ন অবশ্যই করব, কিন্তু কোনো দুর্নীতি সহ্য করব না।  কেউ দুর্নীতি করলে আমি অ্যাকশন নেব। কেউ তদবির করবেন না। তদবির করলে সব সুবিধা বন্ধ করে দেব।’
হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন,  হাসপাতালের সামনে কোনো দোকান থাকবে না। হাসপাতালের অচল সরঞ্জাম ঠিক করতে যা লাগবে তার সবই দেওয়া হবে বলে জানান মন্ত্রী।
মতবিনিময়ের একপর্যায়ে মন্ত্রী মজা করে বলেন, ‘আমি তো রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র। কখনো ডাক্তারি পড়িনি। প্রতিদিন শিখছি। ডাক্তারি না পড়েও ডাক্তার হয়ে গেছি। এটি ডাক্তারদের জন্য খারাপ খবর।’
মতবিনিময় সভায় ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহীর সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন, বিএমএর সভাপতি মাহমুদ হাসান,  স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য দেন। সভায়  ফজলে হোসেন বাদশা সব পরীক্ষা হাসপাতালে করার দাবি জানান।