কথায় কথায় বিদেশি শব্দ নয়

সন্তানদের ইংরেজি মাধ্যমে পড়াতে না পারার কারণে অনেক অভিভাবক হীন-ম্মন্যতায় ভোগেন। অভিভাবকদের এ রকম মানসিকতার কারণ জানতে চেয়ে এক শিক্ষার্থী প্রশ্ন ছুড়ে দিলে এক অতিথি বলেন, ‘এটা উচ্চাভিলাষী অভিভাবকদের মানসিকতা। বাংলা মাধ্যমে পড়েই দেশের বেশির ভাগ ছেলেমেয়ে বিভিন্ন ক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠিত করছে। কাজেই বাংলা ভাষা নিয়েই আমাদের গর্ব করতে হবে।’
গতকাল শুক্রবার অনুষ্ঠিত এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগের ময়মনসিংহ অঞ্চলের উৎসবে বক্তারা আরও বলেন, ‘স্বপ্ন দেখি, বাংলা ভাষা একদিন বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। বিশ্বের প্রায় সব দেশে বাংলা ভাষাভাষী মানুষের বসবাস। তাঁরাই বাংলাকে ওই মর্যাদায় নিয়ে যাবেন।’ তাঁরা আরও বলেন, ‘বাংলায় চমৎকার চমৎকার শব্দ রয়েছে। এগুলো ভুলে কথায় কথায় বিদেশি শব্দ ব্যবহার করা ঠিক নয়।’
সকাল নয়টায় ময়মনসিংহের প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল মাঠে জাতীয় সংগীত পরিবেশনা ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিযোগের উদ্বোধন করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চান মিয়া। এ সময় ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ।
এরপর শুরু হয় ৪০ মিনিটের পরীক্ষা। তাতে ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা, টাঙ্গাইল, জামালপুর ও কিশোরগঞ্জ জেলার ৪২টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজার ১০০ শিক্ষার্থী অংশ নেয়। পরীক্ষা শেষে অনুষ্ঠিত হয় প্রশ্নোত্তর পর্ব। শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ ও সহকারী অধ্যাপক তারিক মনজুর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক সৌরভ সিকদার, জতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মাহবুব বোরহান ও একই বিভাগের সহকারী অধ্যাপক তারানা নূপুর, প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক মনোয়ারা বেগম ও সহকারী শিক্ষক হুসনে আরা। উপস্থিত ছিলেন এইচএসবিসি ব্যাংকের কর্মকর্তা আবদুল্লাহ আল জুবায়ের।
প্রতিযোগে চারটি বিভাগে মোট ৬০ জন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। সেরাদের সেরা হয়েছে টাঙ্গাইল বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র মো. মঈনুল হোসেন রাহাত। উৎসবে সার্বিক সহযোগিতা করেন বন্ধুসভার সদস্যরা।