কথায় কথায় মারধর করা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। ফাইল ছবি
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। ফাইল ছবি

কথায় কথায় কাউকে মারধর করা যাবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজশাহী বিভাগীয় চিকিৎসক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘কথায় কথায় কাউকে মারধর করা যাবে না। এতে আমাদের দুর্নাম হয়। তুমি একজন ডাক্তার। এটা সবচেয়ে ভালো পেশা। সাদা কাপড় শান্তি ও সৌহার্দ্যের প্রতীক। ধৈর্য দেখিয়ে ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হবে। মারধর করা যাবে না।’

ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে রোগীর স্বজন, সাংবাদিক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে মারধর করার অভিযোগ রয়েছে। এ নিয়ে তাঁদের বিরুদ্ধে মামলাও হয়েছে। সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন শিক্ষককে মারধরের অভিযোগে পাল্টাপাল্টি কয়েকটি মামলা হয়। এর মধ্যে দুপক্ষের দুটি মামলা প্রত্যাহার করা হয়েছে। একটি নিষ্পত্তির জন্য প্রক্রিয়াধীন। তবে তথ্যপ্রযুক্তি আইনে ইন্টার্নদের বিরুদ্ধে দায়ের করা একটি মামলা এখনও আছে। এই মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন ইন্টার্ন চিকিৎসকেরা। দাবির পক্ষে তাঁরা বুধবার দুপুরে রামেক হাসপাতালের জরুরি বিভাগের প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেন। পরে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার গিয়ে মামলাটি প্রত্যাহারের উদ্যোগ গ্রহণের আশ্বাস দিলে ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতি তুলে নেন।

সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘ইন্টার্নদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাটি থাকবে না। মামলাটির ব্যাপারে শুনলাম। এই মামলা থাকতে পারে না। আমার ডাক্তারদের বিরুদ্ধে মামলা থাকতে পারে না। আমি ব্যবস্থা নেব। তবে এটাও বলব, তরুণ ডাক্তারদের আরও সহনশীল হতে হবে।’

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) জেলা শাখা আয়োজিত রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান মিলনায়তনে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এতে অন্যদের মধ্যে বক্তৃতা করেন বিএমএ-এর কেন্দ্রীয় সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও ডা. এহতেশামুল হক চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমএ-এর রাজশাহী জেলার সভাপতি ডা. এবি সিদ্দিক এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক ডা. নওশাদ আলী। সম্মেলনে রাজশাহী ছাড়াও বিভাগের অন্য সাত জেলার বিএমএ নেতা-কর্মী ও সাধারণ চিকিৎসকেরা অংশ নেন।